রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার

নিউজ ডেস্ক
১২ নভেম্বর ২০২৬ ৪:৩৮ পিএম
রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার

সুবিধাবঞ্চিত মানুষের বর্তমান অবস্থার জন্য রাজনীতিবিদদের দায়ী করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাজনীতি এখন সর্বগ্রাসী। রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে। কিন্তু রাজনীতিবিদরা কীভাবে নিজেদের সুবিধা নেয়া যায়, তা নিয়েই বেশি ভাবেন; সুবিধাবঞ্চিত মানুষের কথা ভাবতে চান না।

বৃহস্পতিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ককাসের জনপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

স্পিকার বলেন, সাধারণ মানুষ মাঠে না নামলে মাফিয়া সরকারকে সরানো সম্ভব হতো না। দেশে গণতান্ত্রিক ব্যবস্থা বজায় থাকলে ধীরে ধীরে সুবিধাবঞ্চিত মানুষের সংখ্যা কমে আসবে। সংসদ সদস্যরা আন্তরিক হলে এ পরিবর্তন আনা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সংসদ সদস্যরা চাইলে অনেক কিছুই করতে পারেন। তাদের অবস্থানের বাইরে দলও যেতে পারবে না। তবে সবকিছু নির্ভর করছে তারা কতটা আন্তরিক, তার ওপর।

অতীতের অন্ধকার সময়ে ফিরে যেতে চান না জানিয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, পরিচ্ছন্ন নির্বাচন হলে দুই-তিনটি নির্বাচনেই দেশের পরিস্থিতি ঠিক হয়ে যাবে। সুবিধাবঞ্চিত মানুষের পক্ষে কাজ করার পাশাপাশি ককাসকে সুষ্ঠু নির্বাচন নিয়েও কাজ করার আহ্বান জানান তিনি।

বর্তমান সংসদকে প্রকৃত অর্থেই সুষ্ঠুভাবে নির্বাচিত সংসদ হিসেবে উল্লেখ করেন স্পিকার। তিনি বলেন, এবারের সংসদে সংসদ সদস্যদের মানও বেশ ভালো।

মনোনয়ন ব্যবস্থা তুলে দেয়ার পক্ষে মত দিয়ে তিনি বলেন, নারীরা এখন অনেক ভালো কাজ করছেন এবং শিক্ষিত হয়েছেন। সমাজে যোগ্য নারী নেত্রী রয়েছেন, যারা পুরুষ প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে নির্বাচিত হচ্ছেন। এসব জনপ্রতিনিধি সমাজে দৃশ্যমান পরিবর্তন আনতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

ককাসের প্রথম কমিটিকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, প্রথম কমিটি যেন দুর্নীতিবিরোধী কার্যক্রমকে অগ্রাধিকার দেয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...