ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক: অচলাবস্থা কাটাতে প্রথম পদক্ষেপ নেবে কে

নিউজ ডেস্ক
১১ নভেম্বর ২০২৬ ৮:০৪ পিএম
ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক: অচলাবস্থা কাটাতে প্রথম পদক্ষেপ নেবে কে

প্রায় দুই দশক ধরে ইরান-যুক্তরাষ্ট্র কূটনীতিতে একটি প্রশ্ন বারবার ফিরে এসেছে—প্রথমে পদক্ষেপ নেবে কে? ২০০০-এর দশকের শুরু থেকে তেহরান ও ওয়াশিংটন বারবার একই সংকটে পড়েছে। ইরান কি আগে তার পারমাণবিক কার্যক্রম সীমিত করবে, এরপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা শিথিল করবে? নাকি আগে যুক্তরাষ্ট্র চাপ কমাবে, তারপর ইরান পারমাণবিক কর্মসূচিতে ছাড় দেবে?

তবে সাম্প্রতিক কূটনৈতিক সংকট বলছে, প্রশ্নটা হয়তো আর এভাবে দেখার সুযোগ নেই। আসল চ্যালেঞ্জ কে আগে এগোবে, তা নয়; বরং দুই পক্ষ একসঙ্গে এগোতে পারবে কি না।

হরমুজ প্রণালি নিয়ে সাম্প্রতিক বিরোধের কারণে এই প্রশ্ন আবারও সামনে এসেছে। তেহরান বলেছে, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে নেওয়া, নিষেধাজ্ঞা শিথিল করা এবং নতুন করে হামলা না চালানোর নিশ্চয়তা দিলে তারা প্রণালিটি আবার খুলে দিতে পারে।

তেহরানের যুক্তি, চাপ ও সংঘাতের মধ্যে কোনো আলোচনা শুরু করা সম্ভব নয়। অন্যদিকে ওয়াশিংটন বলছে, নতুন করে কূটনৈতিক প্রক্রিয়া শুরু হলে শুরু থেকেই পারমাণবিক ইস্যুতে সমাধান খুঁজতে হবে। বর্তমান আলোচনার মূল সমস্যা এখানেই। প্রথম পদক্ষেপ নেওয়ার আগে দুই পক্ষই আস্থা তৈরির মতো বন্দোবস্ত চায়।

ইতিহাসে অবশ্য এই সংকটের সমাধান পারস্পরিক পদক্ষেপের ভিত্তিতে হয়েছে।

২০১৩ সালে ইরান ও পি৫+১ (জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ও জার্মানি) একটি যৌথ কর্মপরিকল্পনায় সম্মত হয়েছিল। এতে দুই পক্ষই সীমিত ও প্রত্যাহারযোগ্য কিছু পদক্ষেপ নিতে সম্মত হয়েছিল।

ইরান সেসময় তার পারমাণবিক কর্মসূচির কিছু অংশে সীমাবদ্ধতা মেনে নেয়। এর মধ্যে ছিল ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা সীমিত করা এবং আরও কঠোর নজরদারির সুযোগ দেওয়া। বিনিময়ে যুক্তরাষ্ট্র ও তার অংশীদারেরা সীমিত পরিসরে নিষেধাজ্ঞা শিথিল করেছিল। পরে এই প্রক্রিয়াই ২০১৫ সালে জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশনে (জেসিপিওএ) রূপ নেয়।

ওই চুক্তিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সর্বোচ্চ মাত্রা ৩ দশমিক ৬৭ শতাংশ নির্ধারণ করা হয়। একই সঙ্গে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নজরদারি বাড়ানো এবং পারমাণবিক কর্মসূচিতে বিধিনিষেধের বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিলের ব্যবস্থা করা হয়।

জেসিপিওএ বাস্তবায়নও ধাপে ধাপে এগিয়েছিল। ২০১৫ সালের জুলাইয়ে চুক্তি হওয়ার পর অক্টোবরে আসে ‘অ্যাডপশন ডে’। এরপর আইএইএ ইরানের প্রাথমিক পারমাণবিক অঙ্গীকারগুলো বাস্তবায়িত হয়েছে বলে নিশ্চিত করার পর ২০১৬ সালের জানুয়ারিতে আসে ‘ইমপ্লিমেন্টেশন ডে’।

কেবল যাচাই-বাছাইয়ের পরই বড় পরিসরে নিষেধাজ্ঞা শিথিল করা হয়। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা হলো, ধাপে ধাপে চুক্তি বাস্তবায়নের ধারণা ব্যর্থ, এমন নয়; বরং টেকসই রাজনৈতিক নিশ্চয়তা ছাড়া এমন প্রক্রিয়া খুবই ঝুঁকিপূর্ণ।

২০১৮ সালে যুক্তরাষ্ট্র জেসিপিওএ থেকে সরে গিয়ে আবার নিষেধাজ্ঞা আরোপ করলে ইরান মনে করে, শুধু কারিগরি অঙ্গীকার যথেষ্ট নয়। তেহরানের দৃষ্টিতে তখন মূল সমস্যা হয়ে দাঁড়ায়, যুক্তরাষ্ট্রে সরকার বদলালে কোনো ভবিষ্যৎ চুক্তি টিকে থাকবে কি না, সেই নিশ্চয়তা নেই।

অন্যদিকে যুক্তরাষ্ট্রেরও নিজস্ব উদ্বেগ রয়েছে। মার্কিন নীতিনির্ধারকেরা মনে করেন, নিষেধাজ্ঞা শিথিলের সঙ্গে ইরানের যাচাইযোগ্য অঙ্গীকারের যোগসূত্র থাকা জরুরি; বিশেষ করে পারমাণবিক কর্মসূচির ক্ষেত্রে। তাদের আশঙ্কা, খুব দ্রুত অর্থনৈতিক সুবিধা দিলে ওয়াশিংটনের দর-কষাকষির ক্ষমতা কমে যেতে পারে।

একই সময়ে পদক্ষেপ নেওয়ার বিরুদ্ধেও এটিই সবচেয়ে শক্তিশালী যুক্তি। সমালোচকদের ভাষ্য, গভীর অবিশ্বাসের পরিস্থিতিতে দুই পক্ষের একযোগে পদক্ষেপ নেওয়া বাস্তবসম্মত নয়। তাদের আশঙ্কা, অর্থনৈতিক সুবিধা পেয়ে ইরান আবার তার সক্ষমতা বাড়াতে পারে। অন্যদিকে ওয়াশিংটন হারাতে পারে তার দর-কষাকষির সুবিধা।

তবে এর সমাধান পারস্পরিক পদক্ষেপের ধারণা বাদ দেওয়া নয়। বরং আরও শক্তিশালী যাচাইব্যবস্থা তৈরি করা। কার্যকর কোনো মডেল শুধু পারস্পরিক আস্থার ওপর নির্ভর করবে না; করবে যাচাইযোগ্য ব্যবস্থার ওপর।

উদাহরণ হিসেবে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়াকে ধাপে ধাপে বিধিনিষেধ শিথিলের সঙ্গে যুক্ত করা যেতে পারে। প্রতিটি ধাপ তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে পর্যবেক্ষণ করা যেতে পারে।

মধ্যস্থতাকারী হিসেবে কাতারের ভূমিকা কাজে লাগিয়ে যোগাযোগের প্রক্রিয়া এগিয়ে নেওয়া যেতে পারে। আর পারমাণবিক কর্মসূচির কারিগরি বিষয়গুলো আইএইএর আন্তর্জাতিক নজরদারির অধীনে রাখা যেতে পারে। নীতিটা হবে সহজ। ইরান যে পদক্ষেপ নেবে, তার বিনিময়ে যুক্তরাষ্ট্রও নির্দিষ্ট পদক্ষেপ নেবে। একইভাবে যুক্তরাষ্ট্রের প্রতিটি পদক্ষেপের বিনিময়ে ইরানকে নির্দিষ্ট অঙ্গীকার করতে হবে।

একতরফা ছাড় দাবি করার চেয়ে এই পদ্ধতিই বেশি বাস্তবসম্মত। কারণ এতে দুই দেশের সরকারই নিজ নিজ দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কিছুটা হলেও সুবিধাজনক অবস্থান পাবে। কোনো পক্ষকে চাপের কাছে আত্মসমর্পণ করতে হয়েছে, এমনটা দেখাবে না। বরং উভয় পক্ষই বলতে পারবে, তারা কিছু দেওয়ার বিনিময়ে কিছু পেয়েছে।

সাম্প্রতিক কূটনীতিতেও এর কিছুটা প্রতিফলন দেখা গেছে। জুনে কাতার ও অন্যান্য মধ্যস্থতাকারীর সহায়তায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারকে উত্তেজনা কমানোর কিছু ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হয়। এর মধ্যে হরমুজ প্রণালিতে সামরিক তৎপরতা এবং নৌ চলাচলের স্বাধীনতার মতো বিষয়ও ছিল।

পরবর্তী আলোচনায় বাস্তবায়ন প্রক্রিয়া পরিচালনার জন্য কারিগরি কমিটি ও নজরদারি ব্যবস্থার বিষয় উঠে আসে। কাতারের মধ্যস্থতাও ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তেহরান আলোচনার আগে আস্থা তৈরির পদক্ষেপ নেওয়ার দাবি জানায়। আর ওয়াশিংটন চায়, পারমাণবিক ইস্যু আলোচনার কেন্দ্রে থাকুক। দুই পক্ষের এই ব্যবধান কমাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে দোহা।

সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ইরানের কর্মকর্তাদের যে বার্তা দিয়েছেন, তাতেও এই দ্বন্দ্বের প্রতিফলন রয়েছে। ওয়াশিংটন নতুন করে আলোচনা শুরুর সম্ভাবনা বিবেচনা করার আগ্রহ দেখালেও পারমাণবিক ইস্যু আলোচনার অংশ হওয়ার ওপর জোর দেয়।

অন্যদিকে তেহরান বলে আসছে, বৃহত্তর কোনো আলোচনা সফল করতে হলে আগে চাপ কমাতে হবে। ফলে দুই দেশের সামনে প্রশ্নটা এখন সমঝোতা সম্ভব কি না, তা নয়। বরং এমন একটি প্রক্রিয়া তৈরি করা সম্ভব কি না, যেখানে সমঝোতা করাটা দুই দেশের জন্য রাজনৈতিকভাবে টেকসই হয়।

কেবল চাপ প্রয়োগ করে কৌশলগত লক্ষ্য অর্জনের ধারণার জন্য মধ্যপ্রাচ্যকে এরই মধ্যে উচ্চ মূল্য দিতে হয়েছে। সামরিক উত্তেজনা, অর্থনৈতিক অস্থিরতা ও জ্বালানি অনিশ্চয়তা সংঘাতের সীমাবদ্ধতা স্পষ্ট করেছে।

আগামী দিনের কূটনৈতিক পরীক্ষাটা তাই ইরান বা যুক্তরাষ্ট্র কে আগে ছাড় দিতে রাজি—তা হবে না। বরং প্রশ্ন হবে, দুই পক্ষ এমন একটি কঠিন কিন্তু বাস্তবসম্মত সমাধানে রাজি কি না, যেখানে আগে আস্থা নয়; বরং যাচাইযোগ্য পদক্ষেপের মাধ্যমে ধীরে ধীরে আস্থা তৈরি হবে।

ইরান-যুক্তরাষ্ট্র কূটনীতির ভবিষ্যৎ হয়তো নির্ভর করছে ‘কে আগে পদক্ষেপ নেবে’—এই রাজনীতি থেকে বেরিয়ে এসে ‘একসঙ্গে পদক্ষেপ নেওয়ার’ শৃঙ্খলায় পৌঁছাতে পারার ওপর।

আলি সারি: ইরানের সাবেক সংসদ সদস্য

আল জাজিরা থেকে নেওয়া

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...