বেলকুচিতে ব্রাক এর উদ্দোগে মানব পাচার প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
১১ নভেম্বর ২০২৬ ৮:০০ পিএম
বেলকুচিতে ব্রাক এর উদ্দোগে মানব পাচার প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রেজাউল করিম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ‘তরুণদের দক্ষ করে বৈধ উপায়ে বিদেশে পাঠালে মানব পাচারের ঝুঁকি কমবে’ দেশের তরুণদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলে বৈধ উপায়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এটি করা গেলে অনিরাপদ অভিবাসন ও মানব পাচারের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। বেলকুচিতে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ বিষয়ে আয়োজিত এক কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান এ কথা বলেন।

১১ নভেম্বর বুধবার সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। মানব পাচার, অভিবাসী চোরাচালান ও অনলাইন প্রতারণা প্রতিরোধে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এ কর্মশালার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আফরিন জাহান মানব পাচার প্রতিরোধে প্রচলিত আইন ও সরকারি উদ্যোগ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করতে হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক ব্যানার স্থাপন এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের এ বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক বলেন, পরিবারের সচ্ছলতা ও উন্নত জীবনের আশায় অনেকেই বিদেশে যেতে চান। কিন্তু সঠিক তথ্য যাচাই না করে অনিরাপদ পথে বিদেশে গিয়ে অনেকে মানব পাচার ও প্রতারণার শিকার হন। তাই সবাইকে বৈধ অভিবাসন প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন, দালাল চক্র প্রতিনিয়ত প্রতারণার কৌশল বদলাচ্ছে। অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা আর্থিক লেনদেনের প্রমাণ সংরক্ষণ না করায় আইনি ব্যবস্থা নিতে জটিলতা তৈরি হয়। এ ছাড়া পাসপোর্টে সঠিক তথ্য না থাকলে বিদেশে আটক হওয়া ব্যক্তিদের পরিচয় যাচাই ও তদন্ত পরিচালনা করাও কঠিন হয়ে পড়ে।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার মো. শিহাবুল হোসেন। তিনি মানব পাচার ও অভিবাসী চোরাচালানের ধরন, দালাল চক্রের প্রতারণার কৌশল, অনলাইন প্রতারণা এবং নিরাপদ অভিবাসনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন।

পরে উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরেন অংশগ্রহণকারীরা। এ সময় মানব পাচারের শিকার হয়ে দেশে ফিরে আসা এক ব্যক্তি তাঁর বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন ব্র্যাকের সিরাজগঞ্জের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. মাহফুজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সিরাজগঞ্জ জেলার মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টারের (এমআরএসসি) কো-অর্ডিনেটর প্রমা প্রিসিলা ম্রং।

উল্লেখ্য, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ২০০৬ সাল থেকে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, মানব পাচার প্রতিরোধ, বিদেশফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ, প্রশিক্ষণ ও অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করে আসছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...