শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ডিসিশন এখনো দেয়নি শিক্ষা মন্ত্রণালয়। অতএব এটা পার হয়ে যায়নি, আমাদের হাতে আছে বিষয়টি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরো বলেন, এমপিওভুক্তি নিয়ে আপনাদের প্রশ্নের জবাব দেয়ার সময় এখনো আছে। সামনে আরো প্রশ্ন করবেন।
তিনি বলেন, সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের বিষয়টি আমরা পর্যালোচনায় আনছি। এ জন্য একটি কমিটিও করব। সাত কলেজ (ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি) নিয়ে তড়িঘড়ি করেছে কি করেনি, সেটা আমরা পর্যালোচনা করব। এগুলো নিয়ে আমাদেরকে একটু সময় দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রী বলেন, আমরা মাত্র দায়িত্ব গ্রহণ করেছি। বিগত দিনে আপনাদের সাহযোগিতা নিয়েই নকল প্রতিরোধ করেছিলাম। এবারো আপনারা সবাই সহযোগিতা করবেন।
এ সময় মন্ত্রী আরো বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কিন্ডারগার্টেনও বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত হবে। আমরা একই প্রশ্নে প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের বৃত্তি পরীক্ষা নেবো। গত বছরের বৃত্তি পরীক্ষাটি এ বছর নিয়ে নেয়া হবে। এক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য থাকবে ৮০ শতাংশ এবং কিন্ডারগার্ডেনের জন্য ২০ শতাংশ।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা যখন ছাত্র ছিলাম, তখন আমরা সন্ধ্যার পরে পড়ার টেবিলে বসতাম- সেই দৃষ্টিভঙ্গিতে আমি বলেছি, সন্ধ্যার পর ঘোরাঘুরি করলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রাথমিক বা জুনিয়র বৃত্তি পরীক্ষা না নেয়ার পরামর্শের সঙ্গে আমরা এই মুর্হূতে একমত না, তবে আমরা এটি নিয়ে আলোচনা করে দেখবো।






আপনার মতামত লিখুন