অনলাইন-অফলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত চলতি সপ্তাহেই: শিক্ষামন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে উদ্ভূত বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইন ক্লাস চালুর বিষয়ে আজ কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। রোববার ৫ এপ্রিল দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান এই সপ্তাহের মধ্যেই সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে বৈঠকের পর আগামী বৃহস্পতিবারের মন্ত্রিসভা বৈঠকে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
শিক্ষামন্ত্রী বলেন আগামী দুই-একদিনের মধ্যেই শিক্ষা খাতের স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক হবে এবং সবার মতামতের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এর আগে গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছিলেন যে আজ রোববার অনলাইন ও অফলাইন ক্লাস সংক্রান্ত চূড়ান্ত নির্দেশনা দেওয়া হতে পারে।
তবে মন্ত্রণালয় বর্তমান পরিস্থিতি আরও নিবিড়ভাবে পর্যালোচনা করে এবং মাঠপর্যায়ের সক্ষমতা যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চাচ্ছে বলে মন্ত্রী উল্লেখ করেন।
পবিত্র রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ৪০ দিনের ছুটি কাটিয়ে গত ২৯ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিক পাঠদান শুরু করেছে। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্থিরতা ও সরবরাহ সংকটের কারণে সরকারি খরচে সাশ্রয় আনতে সপ্তাহে অন্তত একদিন অনলাইন ক্লাসের প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় পরিস্থিতি অনুযায়ী স্কুল ও কলেজের জন্য আলাদা নির্দেশনা তৈরির কাজ করছে বলে জানা গেছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে খবর পাওয়া গেছে, জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তনের পাশাপাশি শিক্ষা খাতেও বড় ধরণের সংস্কার আনার পরিকল্পনা রয়েছে। পরিস্থিতির ওপর নির্ভর করে সপ্তাহে কতদিন সশরীর ক্লাস চলবে আর কতদিন অনলাইনে পাঠদান হবে তা বৃহস্পতিবারের সভার পর পরিষ্কার হবে। আপাতত শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন না ঘটিয়ে কীভাবে বিকল্প উপায়ে সাশ্রয় করা যায় সেই লক্ষ্যেই কাজ করছে মন্ত্রণালয়। মন্ত্রীর এই বক্তব্যের পর এখন বৃহস্পতিবারের মন্ত্রিসভা বৈঠকের দিকেই তাকিয়ে আছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।




আপনার মতামত লিখুন