খুবির প্রথম বর্ষের একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন

অনলাইন নিউজ ডেস্ক
০৮ অক্টোবর ২০২৪ ৫:২৪ পিএম
খুবির প্রথম বর্ষের একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা হয়েছে। ক্যালেন্ডার অনুযায়ী প্রথম বর্ষের ক্লাস গ্রহণ শুরু হবে আগামী ২০ অক্টোবর থেকে।

গত ০৭ অক্টোবর (সোমবার) সকল স্কুলের ডিনবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের (২৪ ব্যাচের) প্রথম বর্ষ প্রথম টার্মের একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা হয়েছে। আজ ০৮ অক্টোবর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) প্রফেসর ড. সমীর কুমার সাধু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রণীত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী- কোর্স রেজিস্ট্রেশন (জরিমানা ছাড়া) ২০ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত, কোর্স রেজিস্ট্রেশন (জরিমানাসহ) ৩১ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত। ক্লাস গ্রহণ ২০ অক্টোবর থেকে ০৯ জানুয়ারি ২০২৫ পর্যন্ত এবং ১৯ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত। পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতিমূলক ছুটি (পিএল) ৩১ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত, পরীক্ষা গ্রহণ ১৬ ফেব্রুয়ারি থেকে ০৮ মার্চ পর্যন্ত। শীতকালীন ছুটি ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।

উল্লেখ্য খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সংক্রান্ত এক মতবিনিময় সভা গত ২৯ সেপ্টেম্বর (রবিবার) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

সভায় ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তির অগ্রগতি এবং মাইগ্রেশনের মাধ্যমে কোটার আসন পূরণ, ক্লাস শুরু, প্রথম বর্ষের একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নসহ শিক্ষা কার্যক্রমের সার্বিক অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়। সভায় আগামী ২০ অক্টোবর থেকে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের সকল ডিসিপ্লিনের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রথম টার্মের ক্লাস শুরুর সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...