স্কুলের খাবারে গন্ধ পেলেন প্রতিমন্ত্রী, ল্যাবে পাঠালেন স্যাম্পল
নরসিংদীতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে প্রথমে তিনি নরসিংদীর বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে তিনি বিদ্যালয়ের মিড ডে মিলের খাবারের মান পর্যবেক্ষণ ও শ্রেণিকক্ষে শিশুদের পড়ালেখার অবস্থা ঘুরে দেখেন।
এ সময় তিনি মিড-ডে মিলের খাবারের মান নিয়ে ঠিকাদারের সঙ্গে অসন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি খাবারের মান উন্নতি না হলে কার্যাদেশ বাতিলেরও হুঁশিয়ারি দেন। পরে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ বনরুটিতে গন্ধ সন্দেহজনক হওয়ায় দুটি স্যাম্পল ঢাকার ল্যাবে টেস্টের জন্য পাঠান।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের বলেন, বিদ্যালয়ে সাপ্লাইয়ারদের দেওয়া মিড-ডে মিলের খাবার পর্যবেক্ষণ করেছি, খাবারে কিছু ত্রুটি পেয়েছি। শিশুদের দেওয়া মিড-ডে মিলে যাতে কোনও ত্রুটি না থাকে এবং শিশুরা যাতে খাবারের প্রতি আকৃষ্ট হয়ে বিদ্যালয়ে নিয়মিত আসে, সে জন্যই আমরা সারা দেশে পর্যবেক্ষণ শুরু করেছি। শিশুদের লেখাপড়া ঠিক মতো হচ্ছে কিনা তা ঘুরে দেখেছি।
শিক্ষা কারিকুলামে ভেধাভেদ নিরসনে প্রধানমন্ত্রীর ইচ্ছে অনুসারে সমান্তরাল কারিকুলাম নিয়ে বর্তমান সরকার কাজ চলছে জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আধুনিক হিসেবে বিবেচিত ইংলিশ অথবা আইভি মিডিয়ামের সঙ্গে তাল মিলিয়ে প্রাথমিক ও গণশিক্ষা কারিকুলাম পরিকল্পনা করা হচ্ছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যেই এই কারিকুলাম বাস্তবায়নের কথা জানান প্রতিমন্ত্রী।
এ সময় নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মুহাম্মদ রাসেদুজ্জামান, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরঞ্জন কুমার রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে নদী বাংলা গ্রুপের পরিচালক মাহবুবুর রহমান মনিরের সভাপতিত্বে প্রতিমন্ত্রী নরসিংদী শিশু একাডেমিতে ৭১ এর মহান স্বাধীনতা ও ২৪ এর জুলাই বিপ্লবের ধারাবাহিকতায় এক সুরে বাংলাদেশ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।







আপনার মতামত লিখুন