বেলকুচিতে ভগবান শ্রীরামচন্দ্রের অবমাননার অভিযোগে মানববন্ধন
ভগবান শ্রীরামচন্দ্রের চিত্রপটে জুতা নিক্ষেপ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ অপপ্রচারের প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সকালে বেলকুচি উপজেলার এনায়েতপুর-সয়দাবাদ আঞ্চলিক সড়কের সদর হাসপাতাল গেট সংলগ্ন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বেলকুচি উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বেলকুচি উপজেলা শাখার সভাপতি বৈদ্যনাথ রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা: অমৃত নারায়ণ দে’র পরিচালনায় প্রতিবাদ কমসূচিতে উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন শাখার সভাপতি সাংবাদিক নারায়ণ মালাকার, পৌর শাখার সভাপতি পলাশ কুমার সাহা, সাধারণ সম্পাদক পাপ্পু সাহা, সিনিয়র সহ-সভাপতি নয়ন কুমার ঘোষ, সদস্য সুদ্বীপ পোদ্দার, কৃষ্ণ কুমার ঘোষ, সুজয় কুমার ঘোষ, নন্দ রাজবংশী, প্রধান বক্তা ফারিয়ার সাধারণ সম্পাদক নিপেন্দ্র নাথ মন্ডলসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রীরামচন্দ্রের চিত্রপট অবমাননা ও অনলাইনে অপপ্রচারের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। তারা এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। একইসঙ্গে বক্তারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় যা বেলকুচির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।




আপনার মতামত লিখুন