গ্রামবাসীর দান করা জমিতে তৈরি হচ্ছে কোটি টাকার খেলার মাঠ
শিশু-কিশোর, তরুণ ও যুব সমাজকে খেলার মাঠে ফিরিয়ে আনতে এবং এলাকাকে মাদক মুক্ত ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে এবার গ্রামবাসীর দানকৃত জমিতে খেলার মাঠ তৈরির ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামবাসী। মাঠটি পুরোপুরি তৈরি করতে প্রায় কোটি টাকা ব্যয় হচ্ছে।
রোববার (২৯ নভেম্বর) ঢাক-ঢোল, বাদ্যযন্ত্র, ঘোড়ার গাড়ি, রিকশা-ভ্যান, পিকআপ ও কয়েক শতাধিক মোটর সাইকেলসহ বর্ণাঢ্য শোভাযাত্রা করে খেলার মাঠ উদ্বোধন করা হয়। পরে গ্রামবাসী মিলে শোভাযাত্রা নিয়ে মির্জাপুর উপজেলা সদরে এসে সাব-রেজিস্ট্রি অফিসে খেলার মাঠ নির্মাণের জন্য জমি রেজিস্ট্রি করে দেন জমি দাতাগণ। জমি রেজিষ্ট্রির পর শুরু হয় মিষ্টি বিতরণ।
স্থানীয় সূত্র জানায়, স্বাধীনতার পর এই গ্রামে কোনো খেলার মাঠ না থাকায় কোমলমতি শিশু-কিশোর, তরুণ ও যুব সমাজ বিভিন্ন খেলাধুলা থেকে বঞ্চিত ছিল। ফলে এই এলাকার অধিকাংশ যুব সমাজ নানা অপকর্মে জড়িত ছিল। তাই সামজকে জাগ্রত করতে ক্রীড়ামোদী যুব সমাজ, কিছু তরুণ, মধ্য বয়সী, বৃদ্ধ, কলেজ ছাত্রসহ গ্রামের ব্যবসায়ীগণ গ্রামে একটি খেলার মাঠ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন।
নিজেদের উদ্যোগে খেলার মাঠ নির্মাণ হওয়ায় বিষয়টি এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আলোড়ন সৃষ্টি করেছেন। এতে পুরো গ্রামে বইছে উৎসবের আমেজ।
সূত্র আরও জানায়, গ্রামের হাজী দরবেশ আলী, হাজী মিনহাজ উদ্দিন, মো. জুলহাস উদ্দিন, আলহাজ আব্দুর রাজ্জাক, সিদ্দিক হোসেন, আব্দুর রহিম, সাইদুর, জিন্নাহ, খোরশেদ আলম, সিরাজুল, আব্দুল হক, রামকৃষ্ণ ও ইলিয়াস মোল্লা খেলার মাঠ নির্মাণের জন্য ১০০শতক জমি দান করার ঘোষণা দেন। গ্রামের অন্য ১৪০ জন ক্রীড়ামোদী মিলে জমি রেজিস্ট্রিসহ মাঠ নির্মাণের যাবতীয় খরচ দেওয়ার ঘোষণা দেন। এভাবেই গ্রামের সবার সার্বিক সহযোগিতায় কামারপাড়া গ্রামের খেলার মাঠ নির্মাণ হচ্ছে।
মহতী উদ্যোগকে সার্বিক সহযোগিতা করার জন্য স্থানীয় সংসদ সদস্য, জেলা ও উপজেলা প্রশাসনসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ তরুণ প্রজন্মের অহংকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট জোর দাবি জানিয়েছেন।
খেলার মাঠ নির্মাণের উদ্যোক্তাদের মধ্যে মো. আব্দুর রাজ্জাক বলেন, কামারপাড়া গ্রামটি মূলত অবহেলিত। গ্রামটি মির্জাপুর, কালিয়াকৈর ও ধামরাই উপজেলার সীমান্তবর্তী হওয়ায় যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক। একটি নদী গ্রামটিকে বিভক্ত করে রেখেছে। নদীতে পাকা ব্রিজ না থাকায় এলাকাবাসীর জনদুর্ভোগের শেষ নেই। স্বাধীনতার দীর্ঘদিন পরও গ্রামে কোনো খেলার মাঠ না থাকায় কোমলমতি শিশু-কিশোর, তরুণ ও যুব সমাজ খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে।
আরেক উদ্যোক্তা সাবেক প্রধান শিক্ষক মঞ্জুর কাদের মঞ্জু বলেন, আধুনিকতার এই যুগে তরুণ ও যুব সমাজ মোবাইলে আসক্ত ও নেশার মধ্যে জড়িয়ে পড়ছে। খেলাধুলাকে জাগ্রত করতে এবং তরুণ ও যুব সমাজকে খেলার মাঠে ফিরিয়ে নিয়ে আসার জন্য কামারপাড়া গ্রামবাসী মিলে নিজেদের অর্থায়নে একটি খেলার মাঠ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। এ জন্য গ্রামে একাধিক সভা করে সিদ্ধান্ত নেওয়া হয় যে করেই হোক গ্রামে একটি খেলার মাঠ চাই। যেমন কথা তেমন কাজ।
ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদ বলেন, কামারপাড়া গ্রামে একটি খেলার মাঠ না থাকায় শিশু-কিশোর ও তরুণ সমাজ খেলাধুলা থেকে অনেক দূরে ছিল। গ্রামবাসী নিজেদের উদ্যোগে মাঠ নির্মাণের উদ্যোগকে আমি স্বাগত জানাই। পাশাপাশি আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও মাঠটি উন্নয়নের জন্য সহায়তা দেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম বলেন, কামারপাড়া গ্রামে খেলার মাঠ ছিল না বিষয়টি আমি অবগত ছিলাম না। শিশুদের মানসিক বিকাশের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। গ্রামবাসী মিলে নিজেদের উদ্যোগে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকেও তাদের সার্বিক সহায়তা দেওয়া হবে।
স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, একটি এলাকার তরুণ ও যুব সমাজকে সঠিক পথে পরিচালনার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। আমার নির্বাচনি এলাকা কামারপাড়া গ্রামে একটি খেলার মাঠ না থাকায় তরুণ ও যুব সমাজ খেলাধুলা থেকে দূরে ছিল। গ্রামবাসী মিলে নিজেরা যে মহতী উদ্যোগ নিয়েছেন এ জন্য আমার পক্ষ থেকে তাদের অভিনন্দন জানাই। সেই সঙ্গে আমার পক্ষ থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারের পক্ষ থেকে মাঠটি উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দসহ সার্বিক ভাবে সহায়তা করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি জেলার দেলদুয়ার উপজেলার বাবুপুর গ্রামে শিশু-কিশোরদের শরীর চর্চা, খেলাধুলা ও চিত্তবিনোদনের কোনো মাঠ না থাকায় তারা জমির ফসল কর্তন পর্যন্ত অপেক্ষায় থাকতো। ফসল কর্তনের পর পরিত্যক্ত জমি ব্যবহার হতো ফুটবল খেলার মাঠ হিসেবে। এলাকার জনহিতকর কয়েকজন ব্যক্তি বিষয়টিকে বিবেচনায় নিয়ে একটি খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা হাতে নেন। তাদের সে লক্ষ্য বাস্তবায়নের জন্য কয়েক দফা বৈঠকের পর সিদ্ধান্ত হয়, গ্রামবাসী চাঁদা তুলে মাঠের জমি ক্রয় করার। সে লক্ষ্যে তারা ৬০ শতাংশ জমি ক্রয় করেন। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হাওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। এ মহৎ উদ্দেশ্যকে বাস্তবে রূপ দিতে একটি পূর্ণাঙ্গ খেলার মাঠ নির্মাণের জন্য ক্রীড়া মন্ত্রণালয়কে নির্দেশ দেন। পরে ক্রীড়া মন্ত্রণালয় থেকে সাড়ে চার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। পরে গত শনিবার সকালে বাবুপুর গ্রামে একটি পূর্ণাঙ্গ খেলার মাঠ বাস্তবে রূপ দিতে ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সরজমিনে মাঠের নির্ধারিত জমি পরিদর্শন করেন।

