দেশীয় অস্ত্রসহ ডাকাত তিন সক্রিয় সদস্য আটক

অনলাইন নিউজ ডেস্ক
০৫ জানুয়ারি ২০২৫ ৪:০৮ পিএম
দেশীয় অস্ত্রসহ ডাকাত তিন সক্রিয় সদস্য আটক

রাজধানীর দারুসসালাম এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের তিনজন সক্রিয় সদস্যকে আটক করেছে ডিএমপির দারুসসালাম থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাব্বির হোসেন (২১), রাব্বি হাওলাদার (২০) ও সবুজ হোসেন (২০)।

রবিবার (৫-জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, শনিবার (০৪ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে দারুসসালামের দ্বীপনগর বিজিবি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গোপন সংবাদের মাধ্যমে তথ্য পায় যে, দ্বীপনগর বিজিবি মার্কেট এলাকায় কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১০টায় থানার টিমটি সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি আরও জানান, গ্রেপ্তারদের কাছ থেকে একটি ধারালো স্টিলের চাপাতি, ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি গাড়ি ও দুটি স্কচটেপ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে দারুসসালাম থানায় মামলা করা হয়েছে।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ঘটনাস্থলসহ আশেপাশের এলাকায় ডাকাতি করার উদ্দেশে ওই স্থানে সমবেত হয়ে প্রস্তুতি নিচ্ছিলো। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...