নিজের ভিসার শর্তেই ফেঁসে গেলেন ধ্রুব রাঠি, বিস্ফোরক মন্তব্য সাংবাদিক ময়ুখের
ইউটিউবার ধ্রুব রাঠিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক চাঞ্চল্যকর তথ্য ছড়িয়ে পড়েছে। রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ুখ রঞ্জন ঘোষের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই আলোচনা শুরু হয়েছে। ওই পোস্টে দাবি করা হয়েছে, গুরুগ্রামের একটি পাঁচতারা হোটেলে তল্লাশির সময় ধ্রুব রাঠিকে আটক করা হয়েছে এবং তিনি ট্যুরিস্ট ভিসার শর্ত ভঙ্গ করে ভারতে রাজনৈতিক কার্যকলাপে যুক্ত ছিলেন।
শনিবার (১০ অক্টোবর) ময়ুখ রঞ্জন ঘোষ তার পোস্টে লিখেছেন, গুরুগ্রামের একটি পাঁচতারা হোটেলে রুটিন নিরাপত্তা তল্লাশিতে গিয়েছিল দিল্লি পুলিশ ও হরিয়ানা পুলিশের যৌথ দল। সেখানে ব্রেকফাস্ট ও জুস নিয়ে বসেছিলেন ধ্রুব রাঠি ও তার বন্ধুরা। পুলিশ পরিচয়পত্র দেখতে চাইলে তিনি তার জার্মান পাসপোর্ট প্রদর্শন করেন। ভারতীয় পরিচয়পত্র চাওয়া হলে ধ্রুব রাঠি জানান যে তিনি একজন জার্মান নাগরিক এবং বর্তমানে ট্যুরিস্ট ভিসার মাধ্যমেই ভারতে অবস্থান করছেন।
পোস্টে আরও দাবি করা হয়েছে, ট্যুরিস্ট ভিসায় ভারতে এসে এ ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বা প্রতিবাদে অংশ নেয়া বিদেশি নাগরিকদের জন্য আইনত নিষিদ্ধ।
এই প্রসঙ্গ টেনে সাংবাদিক ময়ুখ রঞ্জন ঘোষ কটাক্ষ করে লিখেছেন, নিজের ভিসার শর্তেই ফেঁসে গেলে, দোষটা মোদীর? পাশাপাশি তিনি ধ্রুব রাথির ভিসা বাতিল ও পাসপোর্ট ব্ল্যাকলিস্ট করার দাবিও তোলেন।
তবে এই পোস্টের সাথে একটি গুরুত্বপূর্ণ সতর্কতাও জুড়ে দেওয়া হয়েছে। সাংবাদিক ময়ুখ রঞ্জন ঘোষ স্পষ্ট জানিয়েছেন, এই গ্রেপ্তার বা আটকের দাবির সত্যতা এখনও কোনো নির্ভরযোগ্য বা সরকারি সূত্রে নিশ্চিত করা হয়নি। তাই খবরটিকে আপাতত কেবল ‘আটক’ বা জল্পনার পর্যায়ে রাখা উচিত।

