খুঁজুন

ফিরে দেখা ২০২৪

বছরের আলোচিত নাম রংপুরের ‘আবু সাঈদ’

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৭:৫৯ অপরাহ্ণ
বছরের আলোচিত নাম রংপুরের ‘আবু সাঈদ’

ঘটনাবহুল ২০২৪ সালে রংপুরে ঘটে গেছে বহু আলোচিত-সমালোচিত ঘটনা। এমনকি রংপুরের কয়েকটি ঘটনা দেশবাসীসহ বিশ্বজুড়ে নাড়াও দিয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো কোটা সংস্কার আন্দোলন দমনে রাষ্ট্রযন্ত্রের নির্যাতন ও অন্যায়ের প্রতিবাদে পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে সাহস নিয়ে দাঁড়ানো আবু সাঈদের আত্মত্যাগ। ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদের বুকে বিবেকবর্জিত নতজানু পুলিশের গুলি চালানোর সেই দৃশ্য দেখেছে বিশ্ববাসী।

পুলিশের ছোড়া একের পর এক রাবার বুলেটে ক্ষতবিক্ষত হয়ে মাটিতে লুটিয়ে পড়া আবু সাঈদের মৃত্যুর পর শিক্ষার্থীদের আন্দোলন দ্রোহের আগুন হয়ে সারাদেশে ছড়িয়ে পড়ে। শেখ হাসিনার দমননীতি উপেক্ষা করে শিক্ষার্থীদের আন্দোলন নতুন মোড় নেয়। ছাত্র-জনতার ক্রোধ আর ক্ষোভের দীর্ঘ নিশ্বাস পরিণত হয় অপ্রতিরোধ্য শক্তিতে। তরান্বিত হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায় ঘণ্টা। শেষ পর্যন্ত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দলীয় নেতাকর্মীদের ফেলে রেখে নিজের জীবন বাঁচাতে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান টানা সাড়ে ১৫ বছর ক্ষমতার মসনদে থাকা শেখ হাসিনা।

ভোটযুদ্ধে জিএম কাদেরের প্রতিদ্বন্দ্বী হিজড়া জনগোষ্ঠীর রানী 

বছরের মাঝামঝি পতন ঘণ্টা বাজানোর সূচনাটা যে রংপুর থেকে রচিত হবে, তা হয়তো কল্পনাতেও আসেনি স্বৈরশাসক শেখ হাসিনার। তবে ২০২৪ এর শুরুতে শেখ হাসিনার একদলীয় শাসনব্যবস্থা পাকাপোক্ত করার বিতর্কিত সংসদ নির্বাচনও ছিল আলোচনা-সমালোচনার টেবিলে। প্রধান বিরোধী রাজনৈতিক শক্তি বিএনপি-জামায়াতকে একঘরে রেখে ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ সংসদ নির্বাচন।

এ নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনা-সমালোচনা হয় রংপুর-৩ আসনের প্রার্থী জিএম কাদের ও হিজড়া জনগোষ্ঠীর আনোয়ারা ইসলাম রানীকে ঘিরে। যদিও শেষ পর্যন্ত আসন ভোটযুদ্ধে জিএম কাদেরই জয়ী হন। দ্বাদশ সংসদ নির্বাচনে দুর্গখ্যাত রংপুরের ছয়টি আসনের মধ্যে শুধুমাত্র একটিতে জয় পেয়েছিল জাতীয় পার্টি।

‘ভোট রাত ৩টার দিকে হয়েছে’

বিতর্কিত এ নির্বাচনের ছয় দিন পর ১৩ জানুয়ারি রংপুর-২ আসনের পরাজিত কৃষক লীগ নেতার বিস্ফোরক মন্তব্য ছিল বেশ আলোচনায়। ‘ভোট রাত ৩টার দিকে হয়েছে’ বলে অভিযোগ করেছিলেন স্বতন্ত্র প্রার্থী ও কৃষক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার ওরফে বিটু।

জিআই পণ্য হিসেবে হাঁড়িভাঙার স্বীকৃতি

উত্তরের অর্থনীতিতে আশীর্বাদ হয়ে আসা হাঁড়িভাঙা আমকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয় ১২ ফেব্রুয়ারি। এর আগে ২০১৬ সালে রংপুরের শতরঞ্জি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে স্থান করে নেওয়া হাঁড়িভাঙা আম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় রংপুরের সম্মানের সঙ্গে দেশের ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছে।

এক দিনে শ্যামাসুন্দরী খালের ৫ কিলোমিটার পরিষ্কার

রংপুরের ঐতিহ্য শ্যামাসুন্দরী খালকে মরণ দশা থেকে পুনরুজ্জীবিত করতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করে রংপুর সিটি কর্পোরেশন (রসিক)। ১১ মে সকাল থেকে বিকেল পর্যন্ত ৭ ঘণ্টায় শ্যামাসুন্দরী খালের ১৫ দশমিক ৮০ কিলোমিটারে মধ্যে ৫ কিলোমিটার বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা একযোগে পরিষ্কার করেন।

 একদিনেই পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু

রংপুরে পৃথক ঘটনায় ২৬ জুন একদিনেই পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু হয়। মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ এলাকায় ঘাঘট নদীতে ও নগরীর ভুরারঘাট এলাকায় একই নদীতে ডুবে চারজন এবং মিঠাপুকুরের পশ্চিম বড়বালা গ্রামে পুকুরের পানিতে ডুবে আরেক শিশুর মৃত্যু হয়।

ভিন্ন গ্রুপের রক্তে রোগীর মৃত্যুতে রমেকে তোলপাড়

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসকদের ভুলে অস্ত্রোপচারের সময় এক রোগীকে ভিন্ন গ্রুপের রক্ত দেওয়া হয়। ঘটনার ১৮ দিন পর ১০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমা বেগমের নামে ওই রোগীর মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দিতে তৎকালীন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন ফাতেমার সন্তানরা।

আবু সাঈদের মৃত্যুতে তরান্বিত হাসিনার পতন

১৬ জুলাই কোটা সংষ্কার আন্দোলনে থাকা শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালায় পুলিশসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। ওইদিন প্রায় ২০০ রাউন্ড গুলি ও রাবার বুলেট ছোড়ে তারা। এতে পুলিশের গুলিতে মারা যান আবু সাঈদ। নিহত আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। এর দুদিন পর ১৮ জুলাই পার্ক মোড় তাজহাট থানা এলাকায় পুলিশের গুলিতে মানিক মিয়া নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়।

উদ্ভূত পরিস্থিতিতে সারা দেশে ২০ জুলাই কারফিউ দেয় হাসিনা সরকার। এরপরও দমানো যায়নি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একের পর এক কর্মসূচি। শেষ পর্যন্ত ৪ আগস্ট রংপুর নগরী অস্ত্রধারী আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডবে রণক্ষেত্রে পরিণত হয়। হামলার শিকার হয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। এদিন রংপুর সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা হারাধন রায় এবং তার গাড়িচালক কমল রায়সহ পাঁচজন মারা যান।

এত এত মৃত্যুর খবরের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ছিল পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে সাহস নিয়ে দাঁড়ানো আবু সাঈদের আত্মত্যাগের বিরল দৃশ্যটি। যা বিশ্ববিবেককে নাড়া দিয়েছে, কেঁদেছে বহু মানুষ। অনুপ্রাণিত হয়েছে শেখ হাসিনার স্বৈরশাসন ব্যবস্থার বিরুদ্ধে দেশ-বিদেশে আওয়াজ তোলা লাখ লাখ মানুষকে।

আবু সাঈদ হত্যা মামলায় কলেজছাত্র গ্রেপ্তার 

শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আন্দোলনকারী কলেজছাত্র আলফি শাহরিয়ার মাহিমকে (১৬) আসামি দেখিয়ে গ্রেপ্তারের বিষয়টি ছিল বেশ আলোচিত। যদিও ১৯ জুলাই মাহিমকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর বিষয়টি অগোচরেই ছিল। একমাত্র ছোট ভাইয়ের কোনো খোঁজ না মেলায় ৩১ জুলাই মাহিমের বোন সানজানা আখতার স্নেহা ফেসবুকে একটি স্ট্যাটাস দিলে বিষয়টি আলোচনায় আসে। কিশোর শিক্ষার্থীকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন। পরবর্তীতে ১ আগস্ট আদালত তাকে জামিন আদেশ দেন।

পুলিশ সদস্যের ফেসবুক পোস্টে প্রশাসনে তোলপাড়

২০ আগস্ট রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) এক উপপরিদর্শকের (এসআই) ফেসবুক স্ট্যাটাস নিয়ে তোলপাড় শুরু হয়। স্ট্যাটাসে দাবি করা হয়- ‘গত ১৯ জুলাই রংপুর রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি), বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) নিজেই রাইডকার দিয়ে ছাত্র-জনতার ওপর গুলি ছোড়েন।’ এই ফেসবুক স্ট্যাটাসটি রংপুর জেলা ও মহানগর পুলিশের মিডিয়া সেলেও শেয়ার করেন এসআই মজনু। এরপর সেটি নিয়ে রংপুরসহ সারাদেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

জামায়াতের হিন্দু শাখা গঠন নিয়ে বিতর্ক

পীরগাছায় ২৫ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার কমিটি গঠনের খবরটিও ছিল বেশ আলোচনায়। যদিও পরবর্তীতে জামায়াত নেতারা দাবি করেন- হিন্দু শাখা নয়, অমুসলিম নাগরিক সেবা কমিটি গঠন করা হয়েছে।

ট্রেনের ধাক্কায় আহত কিশোরের অলৌকিকভাবে বেঁচে যাওয়া

২৬ অক্টোবর রংপুর নগরীর সিংগিমারী রেলসেতুতে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত কিশোরের অলৌকিকভাবে বেঁচে যাওয়ার ঘটনা ছিল বেশ আলোচনায়। কারণ ওই দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে বলা হয় আহত কিশোরের মৃত্যু হয়েছে।

চাকরি ছাড়লেন আবু সাঈদের দুই ভাই

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের দুই ভাই রমজান আলী ও আবু হোসেনের চাকরি ছেড়ে দেওয়ার ঘটনাটিও আলোচিত ছিল। ৯ অক্টোবর রমজান আলীকে বাংলাদেশ প্রতিদিনের রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহী এবং আবু হোসেনকে টিভি চ্যানেল নিউজ-২৪ এর রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহীর পদে নিয়োগ দিয়েছিল বসুন্ধরা গ্রুপ। ওই দিন আবু সাঈদের ছোট বোন সুমী খাতুনকে চাকরি দেয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কর্তৃপক্ষ। কিন্তু হঠাৎ করে নভেম্বরের শুরুতে আবু সাঈদের দুই ভাই চাকরি থেকে অব্যাহতি নেওয়ায় তা নিয়ে জনমনে ব্যাপক কৌতুহল তৈরি হয়।

রমেকে রিং বাণিজ্যে চিকিৎসক, তদন্ত কমিটি গঠন

অর্ধযুগ পর রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চালু হয় হার্টের এনজিওগ্রাম, হার্টের রক্তনালীতে স্টেন্ট (রিং) বসানো এবং হার্টের পেসমেকার স্থাপনের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা। এই হাসপাতালে ২০১১-১২ অর্থবছরে কার্ডিওলজি বিভাগে প্রথমবার চালু করা হয় ক্যাথল্যাব। তবে বিভিন্ন সময় যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়েছে এটি। দীর্ঘ ছয় বছর পর ল্যাবটি চালু হলেও নভেম্বরে কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. মাহবুবুর রহমান নামে এক চিকিৎসকের বিরুদ্ধে ওঠা ‘রিং বাণিজ্যসহ ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ সাড়া ফেলে সারা দেশে। রমেক হাপাতালের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর থেকে গঠিত হয় তদন্ত কমিটি।

স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে রসিক মেয়রকে তুলোধুনো

এছাড়াও শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ, সমর্থন ও আর্থিক সহযোগিতা করায় ২৫ জুলাই রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সামনে রংপুর সিটির সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে তুলোধুনো করেন আওয়ামী লীগ নেতারা। যা নিয়ে সমালোচনার মুখে পড়েন ক্ষমতাসীন দলের নেতারা।

আবু সাঈদের কবর জিয়ারতে সরকার ও রাজনৈতিক নেতারা

১ আগস্ট জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। এরপর ৭ আগস্ট আবু সাঈদের কবর জিয়ারত করতে রংপুরে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ১০ আগস্ট রংপুরে এসেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূইয়া। ১৪ আগস্ট বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ১৯ আগস্ট নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা আবু সাঈদের কবর জিয়ারত করেন।

অধ্যক্ষের গলায় জুতার মালা, বিজয় মিছিলে বিএনপি নেতার গুলিবর্ষণ

এছাড়াও শহীদ আবু সাঈদের ক্যাম্পাসে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আগমন, বেরোবিতে উপদেষ্টা নাহিদ ইসলামের সম্মাননা স্মারক প্রত্যাখান, আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর গ্রেপ্তার, পীরগাছায় ছাত্র-জনতার বিজয় মিছিলে বিএনপি নেতার গুলিবর্ষণের অভিযোগ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জুয়ারা পারভীনকে জুতার মালা দিয়ে পদত্যাগে বাধ্য করানোর ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে মিশ্র প্রতিক্রয়া সৃষ্টি হয়। সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহর সঙ্গে জাতীয় পার্টির দ্বন্দ্ব, রংপুরে অবাঞ্ছিত ঘোষণা এবং গণঅধিকার পরিষদের বিরুদ্ধে জাতীয় পার্টির মুখোমুখি অবস্থানের বিষয়টিও রাজনৈতিক মহলে আলোচনায় ছিল।

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে বিতর্কে বদিউল আলম

সর্বশেষ ১৯ ডিসেম্বর রংপুরে এসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ‘নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা দেখছি না’ বলে সমালোচনার মুখে পড়েন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার। তার এ বক্তব্য গণমাধ্যমে প্রচার হলে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলন সেটি প্রত্যাখান করে। যদিও ‘নির্বাচন নিয়ে বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ করা হয়েছে’ দাবি করে ঢাকায় ফিরে সংবাদ সম্মেলন করেন বদিউল আলম মজুমদার।

গাইবান্ধার আলোচিত যত ঘটনা

নানা কারণে ২০২৪ সালে গাইবান্ধাও ছিল আলোচনায়। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো, নবজাতক বিক্রির টাকায় ঋণ পরিশোধ করলেন বাবা-মা,  টাকা ভাগাভাগির দ্বন্দ্বে ৭২ ঘণ্টা পর মরদেহ দাফন, ত্রাণ নিতে গিয়ে চেয়ারম্যানের মারধরে আহত দিনমজুর, রেললাইনে নারীকে বাঁচাতে গিয়ে যুবকের মৃত্যু, টার্মিনাল থেকে হানিফের বাস চুরি।

বছরজুড়ে আলোচনায় ছিল দালাল সিন্ডিকেটের আঁতুড়ঘর গাইবান্ধার পাসপোর্ট অফিস। মিডিয়াতে দালাল সিন্ডিকেটের নিউজ প্রকাশিত হওয়ার পর অভিযানে নামে দুদক। তিনজনকে আটক করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আলোচনায় ছিল টাকা ভাগাভাগির দ্বন্দ্বে ৭২ ঘণ্টা পর মরদেহ দাফন করার ঘটনা। জমি বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে ভাই ভাতিজার দ্বন্দ্বে উঠানে পড়ে থাকা বৃদ্ধ মোতাহার মুন্সির মরদেহ পুলিশি হস্তক্ষেপে ৭২ ঘণ্টা পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আলোচনায় ছিল সুজন প্রসাদ নামে সনাতন ধর্মের এক যুবক। নিজ বাঙলা হোটেলে পুরো রমজান মাসে রোজাদারদের জন্য ইফতারের ব্যবস্থা করেন তিনি। আলোচনায় ছিল গাইবান্ধা জেলা কারাগারে নারী কয়ে;র সঙ্গে প্রধান কারারক্ষীর অনৈতিক সম্পর্কের ঘটনাটিও। পরে এ ঘটনায় প্রধান কারারক্ষী আশরাফুল ইসলামসহ দুই কারারক্ষীকে অন্যত্র বদলি করা হয়।

এছাড়াও ২০২৪ সালে সুন্দরগঞ্জে ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম, সাদুলাপুরে গ্রাম পুলিশের নাক ফাটিয়ে দেওয়ায় বিএনপির তিন নেতার দলীয় পদ স্থগিত, ‘হ্যাভ এ রিলাক্স ও সি ইউ নট ফর মাইন্ড’ খ্যাত ভাইরাল শ্যামল হত্যা মামলায় গ্রেপ্তারের ঘটনাও ছিল আলোচনায়।

নীলফামারীতে আলোচিত যা ঘটেছে

ব্যবসায় আর্থিকভাবে ক্ষতির শিকার হয়ে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টা, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ না বলায় সৈয়দপুরে সরকারি কলেজ অধ্যক্ষের কক্ষে ছাত্রলীগের তালা ঝুলিয়ে দেওয়া, জমির জন্য বাবার মরদেহ দাফনে বাধা, কবরেই শুয়ে পড়লেন ছেলে- এসব ঘটনা ছিল বছরের সবচেয়ে আলোচিত ঘটনা।

এছাড়াও আলোচনায় ছিল দুর্ঘটনায় প্রাণ হারালেন মা, সুস্থ আছে কোলে থাকা শিশু, ঢাকা যাওয়ার জন্য জেদ ধরায় নববধূকে হাত বেঁধে নদীতে ফেলে দেন স্বামী এবং সম্পত্তি লিখে না দেওয়ায় বাবার মরদেহ উঠানে ফেলে রাখার ঘটনা।  এসব ঘটনা পাঠক মনে নাড়াও দিয়েছিল।

আলোচনায় পঞ্চগড় যেসব ঘটনা

১৪ বছর আগে জিয়াউর রহমানকে ‘রাজাকার’ বলায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের  পর সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের, এক বছরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি তিনজনের মৃত্যু ঘটনা ছিল আলোচিত।

এছাড়াও সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশ, সাফজয়ী নারী খেলোয়াড় ইয়ারজানের চমক, নারী চিকিৎসকের আত্মহত্যা, বন্যহাতি আতঙ্ক, হত্যার পর চিতাবাঘ উদ্ধার, চার বছর পর ভারি শিল্প চিনিকল চালুর উদ্যোগ ও সীমান্ত থেকে পরিত্যক্ত অস্ত্র উদ্ধারসহ ছিল আলোচনায়।

তবে সবচেয়ে বেশি আলোচিত ঘটনার মধ্যে ছিল ৪০ বছর পর নেপালি নাগরিকের ঘরে ফেরার বিষয়টি। চার দশক ধরে নেপালি নাগরিক বীর বাহাদুর রায় বাংলাদেশের বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে কাজ করেন। নেপালি ওই নাগরিক সকল আইনি জটিলতা শেষে ২৩ মে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তার স্বজনদের কাছে ফিরে যান।

এছাড়াও বাংলাদেশি মুসলিম তরুণের ভালোবাসার টানে ভারতীয় হিন্দু তরুণীর ধর্মান্তরিত হয়ে বিয়ে এবং সীমান্ত জটিলতা কাটিয়ে বিজিবি ও ইমিপ্রেশন পুলিশের সহায়তায় স্বামীর বাড়ি রংপুরে ফেরার ঘটনাটি ছিল আলোচনায়।

 যেসব ঘটনায় আলোচিত দিনাজপুর

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ দিনমজুর স্বামীর চিকিৎসায় তিনদিনের সন্তানকে ২৫ হাজার টাকায় বিক্রি করার ঘটনাটি ছিল বেশ আলোচনায়। বিভিন্ন মিডিয়ায় এ সংবাদটি প্রকাশ হলে টনক নড়ে স্থানীয় প্রশাসনের। পরে নবজাতককে কুড়িগ্রাম উদ্ধার নবজাতককে জন্মদাতা মা-বাবার কোলে তুলে দেওয়া হয়।

প্রতি রমজানেই বাজারে শসার চাহিদা স্বাভাবিক দরের চেয়ে বেশি হলেও এ বছর দিনাজপুরের খানসামায় শসার দাম ছিল অবিশ্বাস্য। মাত্র ১ টাকা কেজিতে শসা বিক্রি করে মাথায় বাজ পড়ে চাষিদের। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে চাষিদের সঙ্গে যোগাযোগ করে দেশের সেরা রিটেইল চেইন সুপারশপ ‘স্বপ্ন’।

এছাড়াও চিরিরবন্দরের স্কুলছাত্রী সোমার মাত্র ৮ মাসে হাতে লেখা পবিত্র কোরআন, ইটভাটায় অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের গাড়ি ভাঙচুর, রানীরবন্দরে বিআরটিসি বাসের ধাক্কায় ৫ জনের মৃত্যু এবং নানা প্রতিবন্ধকতা পেরিয়ে নৈশপ্রহরীর কাজে পার্বতীপুরের পারুল বেগমের চমকের ঘটনাটি ছিল বেশ আলোচনায়।

আলোচনা থেকে বাদ যায়নি ঠাকুরগাঁও

আয়া থেকে শত কোটি টাকার মালিক বনে যাওয়া মুক্তা রাণীকে নিয়ে তোলপাড় শুরু হয়েছিল ঠাকুরগাঁওজুড়ে। স্বামীর মৃত্যুর পর সিভিল সার্জন অফিসে আয়া পদে চাকরি নেওয়া মুক্তা রাণীর সঙ্গে সখ্যতা ছিল সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের। এ কারণে বেশিদিন চাকরি করতে হয়নি তাকে। বরং সখ্যতার সম্পর্কে ভর করে মুক্তা রাণী ঠাকুরগাঁওয়ে এমপি রমেশ চন্দ্র সেনের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচিতি পান। নাম পরিবর্তন করে তিনি হয়ে যান মুক্তা সেন, শুরু হয় তার উত্থান। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের নওগাঁর অটো রাইস মিল কয়েক কোটি টাকায় কিনেছেন এই মুক্তা।

‘কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়’, আখতারুজ্জামানের পক্ষে জামায়াত আমীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ণ
‘কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়’, আখতারুজ্জামানের পক্ষে জামায়াত আমীর

‘কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়’- মন্তব্য করে গ্রেপ্তার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের পক্ষে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান।

রোববার (৪ অক্টোবর) সকালে নিজের ফেসবুক পোস্টে শফিকুর রহমান লেখেন, বিমানবন্দরে যাত্রী সাধারণের দুর্ভোগ-ভোগান্তি, কর্তৃপক্ষের উদাসীনতা, অনিয়ম ও অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে আখতারুজ্জামান আওয়াজ তুলেছেন। কার্যত তিনি ভুক্তভোগী যাত্রী সাধারণ, বিশেষ করে বিদেশফেরত প্রবাসীদের প্রতিবাদের কণ্ঠে পরিণত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

শফিকুর রহমান বলেন, তার এই প্রতিবাদকে আমলে নিয়ে দুর্বলতাগুলো সংশোধন করার পরিবর্তে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি দুইবারের সাবেক সংসদ সদস্য ও একজন বীর মুক্তিযোদ্ধাকে জনসম্মুখে অপমানিত করার নানা হীন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, ‘জনগণ অন্ধ নয়, সবই দেখছে।’ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আখতারুজ্জামান বীরত্বের প্রমাণ দিয়েছেন এবং ভুক্তভোগী মানুষের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন বলেও দাবি করেন জামায়াতের আমীর।

শেষে আখতারুজ্জামানের জন্য দোয়া করে শফিকুর রহমান লেখেন, ‘আল্লাহ তায়ালা তার সম্মান বৃদ্ধি করুন। আমীন।’

এর আগে গত ১ অক্টোবর বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না আসাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে বিষয়টি হুমকি-ধামকির পর্যায়ে পৌঁছায়।

পরে বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

পরদিন শনিবার প্রিজনভ্যানে করে তাকে ঢাকার সিএমএম আদালতে নেওয়ার সময় মাথায় নিরাপত্তা হেলমেট পরানো হয়। আদালতে নেওয়ার সময় হেলমেট পরার প্রতিবাদ করেন আখতারুজ্জামান। পরে তিনি হেলমেট খুলে ফেলে দেন।

প্রিজনভ্যান থেকে নামার সময় তিনি বলেন, ‘আমি হেলমেট পড়বো না। আমাকে অন্যায়ভাবে-অবৈধভাবে হেলমেট পরানো হচ্ছে। আমি আওয়ামী লীগ না। হালের হেলমেট এখন আওয়ামী লীগের ফ্যাশন হয়েছে। আমাকে হাতকড়া পরান।’ এরপর দায়িত্বরত পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরান।

মধ্যবর্তী নির্বাচনের পর পরই ইরানে মার্কিন সেনা!

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
মধ্যবর্তী নির্বাচনের পর পরই ইরানে মার্কিন সেনা!

ইরানের বিপক্ষে বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটিতে নভেম্বর মাসে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে সেনা মোতায়েনের বিষয় বিবেচনা করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গালফ নিউজের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মনে করেন ইরানে সেনা পাঠানোর ক্ষেত্রে তার ‘হারানোর কিছু নেই’। ট্রাম্পের একাধিক হুমকি ও সেনা মোতায়েন নিয়ে অবশ্য তেমন উদ্বিগ্ন নয় ইরান। দেশটির মেহের নিউজের তথ্য অনুযায়ী, মার্কিন হামলার কঠোর জবাব দিতে প্রস্তুত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

গত শুক্রবার রাতে এক জনসভায় ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র যদি অবিলম্বে যুদ্ধ বন্ধও করে দেয়, তবুও ইরানের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে লেগে যাবে কয়েক বছর। ট্রাম্প বলেছেন, ‘আমরা আগামীকালই চলে আসতে পারি; কিন্তু তাদের যে ক্ষতি করেছি, তা পুষিয়ে উঠতে তাদের কয়েক বছর সময় লাগবে। কারণ, তারা কোনো সমঝোতায় আসতে চায়নি। তারা তাদের চাল চেলেছিল; তবে তারা অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছিল।’

এরই মধ্যে ইরানের কাছাকাছি মধ্যপ্রাচ্যের জলসীমায় যুক্তরাষ্ট্র তৃতীয় একটি বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের নেতৃত্বে একটি স্ট্রাইক গ্রুপ মোতায়েন করছে বলে আলজাজিরাকে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ অষ্টম মাসে গড়িয়েছে এবং উভয় পক্ষ সংঘাতের তীব্রতা বাড়ানো কিংবা কূটনৈতিক আলোচনার বিষয়টি বিবেচনা করছে।

ইরানে নতুন করে সেনা মোতায়েন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র এক মাস আগে পাঠানো হচ্ছে আরও হাজার হাজার সেনা। দেশটির আশপাশে নতুন করে প্রায় ১০ হাজার সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। একজন মার্কিন কর্মকর্তা আলজাজিরাকে জানিয়েছেন, ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপটি গত রবিবার স্যান ডিয়েগো ঘাঁটি থেকে ওই অঞ্চলের উদ্দেশে রওনা হয়েছে। এর ঠিক এক দিন পর ‘মার্কিন আইল্যান্ড মেরিন এক্সপেডিশনারি ইউনিট’ (এমইইউ), যেটিতে ২ হাজারের বেশি মেরিন সেনা রয়েছেন, সেটিও একই পথে যাত্রা করেছে। ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’- এর প্রতিবেদন অনুযায়ী, এই স্ট্রাইক গ্রুপ ও নৌবাহিনীর মোতায়েন প্রক্রিয়ায় সব মিলিয়ে যুক্ত হতে পারে অতিরিক্ত ৯-১০ হাজার মার্কিন সেনা। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ও অন্যান্য জাহাজে নিয়োজিত নাবিক ও মেরিন সেনাও।

জবাব দিতে প্রস্তুত ইরান
যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ‘ট্রিগারে আঙুল রেখে’ হামলার জবাব দিতে প্রস্তুত বলে জানিয়েছে তারা। মেহের নিউজের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র বা আঞ্চলিক হুমকি, আগ্রাসন কিংবা ভুল পদক্ষেপের মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত আইআরজিসি। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনা এবং অবস্থান সম্পর্কে আইআরজিসির কাছে বিস্তারিত গোয়েন্দা তথ্য রয়েছে এবং যেকোনো উসকানির জবাবে তারা “অত্যন্ত কঠোর, তাৎক্ষণিক, বেদনাদায়ক এবং ‘অপারেশন ট্রু প্রমিজ ২’-এর চেয়েও অধিক প্রাণঘাতী” পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত বলেও জানিয়েছে সংস্থাটি।

‘অপারেশন ট্রু প্রমিজ ২’ ছিল ২০২৪ সালের অক্টোবরে ইসরায়েলের ওপর ইরানের চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। সে সময় তেহরান নিক্ষেপ করেছিল প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র। আইআরজিসি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছে, নতুন কোনো সংঘাতের ঘটনা ঘটলে তার জবাবে যে পদক্ষেপ নেওয়া হবে, তা ওই হামলার চেয়েও অনেক বড় ও অধিক প্রাণঘাতী হতে পারে।

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ চার বারে অভিযান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৮:৫৬ অপরাহ্ণ
সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ চার বারে অভিযান

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের মালিকানাধীন ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেডসহ রাজধানীর চারটি প্রতিষ্ঠানে অভিযান চালাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কয়েকটি সংস্থা।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে গুলশানের র-ক্যানভাস রেস্তোরাঁ, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল, মার্গারিটা লাউঞ্জ ও ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেডে অভিযান শুরু হয়।

অভিযানের কারণ

শনিবার সন্ধ্যায় এনবিআরের বিভিন্ন সংস্থার সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনার কথা জানায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

সিআইআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার কিছু বার, রেস্তোরাঁ, ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউজ ও ডিউটি ফ্রি শপে অবৈধ উৎস থেকে অ্যালকোহল বা অ্যালকোহলজাত পণ্য সংগ্রহ, শুল্ক-মূসক ও আয়কর ফাঁকি এবং অননুমোদিত গ্রাহকের কাছে এসব পণ্য সরবরাহের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধানে সিআইআইডি চারটি দল গঠন করে।

অভিযানে এসব দলের সঙ্গে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং ঢাকা উত্তর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

এনবিআর সূত্রের দাবি, ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের মালিক শেখ নুরুল ইসলাম। তবে ফু-ওয়াং কর্তৃপক্ষ দাবি করেছে, প্রতিষ্ঠানটির সঙ্গে শেখ নুর ইসলাম বা তাঁর পরিবারের কোনো ধরনের সম্পর্ক নেই।

অভিযান শেষে প্রাথমিকভাবে পাওয়া তথ্য ও সার্বিক ফলাফল জানাতে শনিবার রাতে সংবাদ সম্মেলন করবে এনবিআর। রাত সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের নিচতলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার শুল্কমুক্ত মদ মজুদের অভিযোগে সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুরুল ইসলামের চারটি গুদাম সিলগালা করা হয়।

‘কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়’, আখতারুজ্জামানের পক্ষে জামায়াত আমীর মধ্যবর্তী নির্বাচনের পর পরই ইরানে মার্কিন সেনা! সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ চার বারে অভিযান একযোগে ১১ পুলিশ কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি 'কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু