আমাকে যেমন দেখেছেন, তেমনই থাকব: ডিসি সারওয়ার
সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সারোয়ার আলম। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে নিজের দায়িত্ব গ্রহণ করেন আলোচিত এই ম্যাজিস্ট্রেট।
এর আগে সকালে সারোয়ার আলম জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
এরপর আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন নবাগত এই জেলা প্রশাসক। এ সময় তিনি বলেন, ‘সরকার আমাকে যে বিশ্বাস নিয়ে দায়িত্ব দিয়েছেন, আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চ দিয়ে এই জেলার মানুষের জন্য কাজ করতে। আমি এখানকার সকলের সহযোগিতা চাই। আমরা সবাই মিলে যখন কাজ করবো তখন অবশ্যই ভালো কিছু হবে। সিলেট সুন্দর জেলায় পরিণত হবে।’
তিনি বলেন, ‘আমি অনুরোধ করবো সবাই যেনো নিয়ম মানেন এবং আইন মানেন।’
সিলেটের বেশ কয়েকটি বিষয়ের প্রতি গুরুত্ব থাকবে উল্লেখ করে সারোয়ার আলম বলেন, ‘প্রথমত আইনশৃঙ্খলা, এরপর পরিবেশ, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য- এই কয়েকটা কাজে আমার স্পেশাল এটেনশন (বিশেষ মনোযোগ) থাকবে।’
সিলেটের পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘সিলেট হলো প্রকৃতি কন্যা। প্রকৃতি কন্যা যেনো প্রকৃতি কন্যার মতো থাকে। এখানে অবশ্যই উন্নয়ন হবে। তবে তা টেকসই উন্নয়ন হতে হবে। পরিবেশের ক্ষতি যেনো না হয়।’
তিনি আরও বলেন, ‘আমি নিজেও পরিবেশের ছাত্র। তাই আমি নিজেও চাইবো, পরিবেশ সুন্দর রেখে উন্নয়ন নিশ্চিত করা। এক্ষেত্রে আমি সকল শ্রেণীপেশার মানুষের সহযোগিতা চাই। আমি আশা করছি আমার এখানকার সময়টা ভালো যাবো।’
সারোয়ার বলেন, ‘আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমাকে অতীতে যেমন দেখেছেন, এখানেও তেমনই থাকবো।’
এর আগে বুধবার রাতে সিলেট এসে পৌঁছান সারোয়ার আলম।
সিলেটের পাথর লুট দিয়ে দেশজুড়ে সমালোচনার মুখে গত সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করে সিলেটের জেলা প্রশাসক মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর বুধবার সিলেট ছাড়েন শের মাহবুব।




আপনার মতামত লিখুন