খুঁজুন

বন্ধুর সঙ্গে দেখা করতে আমেরিকার তেরি পারসন নাটোরের গুরুদাসপুরে

মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৮:৩৪ অপরাহ্ণ
বন্ধুর সঙ্গে দেখা করতে আমেরিকার তেরি পারসন নাটোরের গুরুদাসপুরে

নাটোরের গুরদাসপুরের বিলশায় দুই বন্ধুর সঙ্গে দেখা করতে সুদুর আমেরিকা থেকে এসেছেন তেরি পারসন (৫৮) নামের এক ব্যাক্তি। তেরি পারসন মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্থায়ী নাগরিক। সেখানে তার ব্যবসা রয়েছে। চলনবিলের রূপ দেখে মুগ্ধ হয়েছেন এই ব্যক্তি।

এদিকে তেরি পারসনকে দেখতে ভিড় জমাচ্ছেন গ্রামের শত শত উৎসুখ মানুষ। তাকে ঘিরে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ২১ অক্টোর ভোরে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেরি পারসনকে সপরিবারে অভ্যর্থনা জানান বন্ধু সেতু প্রামাণিক (২৫)। সেতু পেশায় রাজমিস্ত্রী। বন্ধু তেরি পারসনকে সেতুর গ্রামের বাড়ি গুরুদাসপুর উপজেলার খুবজিপুর ইউনিয়নের চলনবিল অধ্যুষিত চরবিলশায় রাখা হয়েছে। সেতুর বাড়িতেই থাকা খাওয়া করছেন তেরি পারসন।

রাজমিস্ত্রী সেতু প্রামাণিক বলেন, মাস খানেক আগে ফেসবুকের মাধ্যমে তেরি পারসনের সঙ্গে তার বন্ধুত্ব হয়। এই সময়ে একাধিকবার দুই বন্ধুর ভিডিও কলে কথোপকথন হয়েছে। স্বল্প দিনের বন্ধুত্বের মায়ায় পরে বাংলাদেশ ভ্রমণে আসার সম্মতি জানান তেরি পারসন। সবশেষ ২১ অক্টোবর তেরি পারসন বাংলাদেশে আসেন। আসার সময় তার জন্য উপহার হিসেবে জামা কাপড়ের সঙ্গে একটি স্বর্ণের চেইন এনেছেন।

সেতু আরো বলেন, তেরি পারসনকে নিয়ে তিনি চলনবিল ঘুরিয়ে দেখিয়েছেন। খাবারের তালিকায় বন্ধুর জন্য আয়োজন করা হয়েছে গরুর মাংস, দেশি এবং ব্রয়লার মুরগির মাংস, দেশি বিদেশি ফল এবং কোমল পানীয় কোক।

সেতুর পিতা মাতা বলেন, বিদেশি মানুষ তারা কখনো দেখেননি। অথচ আমেরিকার মানুষ তার বাড়িতে থাকছেন-এটি ভেবে খুব আনন্দ পাচ্ছেন। তেরি পারসন তাদের উপহারও দিয়েছেন।

বৃহস্পতিবার একই গ্রামের আরেক বন্ধু, কৃষক আনোয়ারের বাড়িতে যান তেরি পারসন। আনোয়ার জানান, তার সঙ্গেও ফেসবুকে বন্ধুত্ব হয়েছে এক মাস হলো। বন্ধুত্বের দশ দিন পরেই তেরি পারসন বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন তার কাছেও। তিনি তেরিকে নিজেদের বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানান। এই এক মাসে তাদের মধ্যে একাধিকবার ভিডিও ও অডিও কলে কথোপকথন হয়েছে। তেরি বলেন- দেশ ভ্রমণ করতে খুব ভালো লাগে। তাছাড়া বন্ধুত্বতো অনেক বড় একটি বন্ধন। মূলত বন্ধুত্বের খাতিরেই তিনি বাংলাদেশে এসেছেন।

তিনি বলেন, তেরি পারসন জামা কাপড় উপহার দিয়েছেন। এছাড়া দামি একটি ডায়মন্ডের আংটিও উপহার দিয়েছেন। যুক্তরাষ্ট্রের এই নাগরিককে নিয়ে বৃহস্পতিবার বিকেলে ঘুরতে বেরিয়ে ছিলেন আনোয়ার হোসেন।

আনোয়ার বলেন, বিলশা থেকে রুহাই পর্যন্ত ডুব সড়কের দুই ধারে ফসলের মাঠ। ফসলি জমির বুক চিরে বয়ে যাওয়া সড়কে অটো রিক্সায় করে ঘুরেছেন ভিনদেশি বন্ধু তেরি পারসনকে নিয়ে। বিলের সবুজ ফসল, থৈ থৈ পানি আর চলনবিলের রূপে মুগ্ধ হয়েছেন তেরি পারসন। এমন মনোমুগ্ধকর গ্রামীণ দৃশ্য দেখতে তেরি পারসন আবারো বাংলাদেশে আসতে চান। নিয়ে আসতে চান সে দেশের বন্ধুদেরও।

আনোয়ারের বাড়িতে বন্ধুর জন্য দুপুরের খাবারে দেশি ও ব্রয়লার জাতের মুরগির মাংস রান্না করা হয়েছিল। কমলা, পেয়ারা, মাল্টা, ফলের আয়োজন করা হয়েছিল।

সেতু প্রামাণিক বলেন, নিজের অটোরিক্সায় তুলে বন্ধুকে চলনবিলের বিস্তৃর্ণ এলাকা ঘুরিয়েছেন তিনিও। তেরি পারসন চলনবিলের রূপ বৈচিত্র দেখে খুব খুশি হয়েছেন। বিশেষ করে বিলের ভেতর ছোট নদী, ফসল, পানি এবং কৃষকদের কাজ করা তেরিকে বেশি আনন্দিত করেছে। এছাড়া কুন্দইলে গিয়ে ব্রিজের ওপর ছবি উঠেছেন বন্ধু তেরি পারসন। তেরির সঙ্গে ছবি তুলতে এগিয়ে এসেছেন অনেক মানুষ। তবে এসব কর্মকাণ্ডে তেরি কোনোভাবেই বিরক্ত প্রকাশ করেননি। বরং বিষয়গুলোকে আনন্দ আর অভিজ্ঞতা হিসেবে দেখছেন তেরি পারসন।

তেরি পারসন বলেন, পরিবারে তার ছোট বোন রয়েছে। বোনের বিয়ে দিলেও নিজে বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। প্রেমে ব্যর্থ হওয়ার পর একাকিত্বকে তিনি বেঁছে নিয়েছেন। নিজের সময় কাটান দেশি বিদেশি বন্ধুদের সঙ্গে।

তিনি বলেন, ‘বাংলাদেশ চমৎকার একটি দেশ। বিশেষ করে চলনবিলের ফসল, সড়ক যোগাযোগ আর উন্মুক্ত জলারাশি আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে। তাছাড়া স্থানীয় লোকজনের আত্মীথেয়তা, শিশুদের বন্ধসূলভ ব্যবহার আমাকে বাংলাদেশ নিয়ে নতুন করে ভাবাতে শুরু করেছে। আমি মোট ১১ দিন গুরুদাসপুরের চলনবিলে থাকতে চাই। এই সময়ে গ্রামের মানুষের সঙ্গে সময় কাটাবো। আমেরিকায় গিয়ে সেখানকার বন্ধুদের বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানাবো। আমি নিজেও কিছুদিন পার আবার এখানে আসবো।’

স্থানীয়রা বলেন, এর আগে চর বিলশা বা খুবজিপুর ইউনিয়নে যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক আসেনি। তেরি পারসন আসায় এই এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। আশপাশের লোকজন ভীড় করছেন রাজমিস্ত্রী সেতুর বাড়িতে। ফেসবুকে বন্ধুত্ব গড়ে উঠলে যে-আমেরিকা থেকে মানুষ আসবে এটি গ্রামের মানুষ আগে কখনো ভাবেনি।

স্থানীয় ইউপি সদস্য বলেন, যুক্তরাষ্ট্র থেকে এক ব্যক্তি আসার খবর ফেসবুকের মাধ্যমে পুরো দেশের মানুষ দেখেছেন। এখন অনেক আত্মীয় স্বজন ফোন করে বিষয়টি জানতে চাচ্ছেন। অনেকেই নিজের চোখে দেখতে আসছেন। তবে তেরির যাতে কোনো ধরণের অসুবিধা না হয়, সে জন্য সবাই মিলে সেতু ও আনোয়ারকে সহযোগিতা করছেন। তাছাড়া তেরি আসায় এক প্রকার উৎসব বিড়াজ করছে চর বিলশা গ্রামে।

তিনি বলেন, বন্ধুত্বের ক্ষেত্রে বয়স কোনো বাধা হয় না। তেরি পরসনের সঙ্গে সেতু ও আনোয়ারের বন্ধুত্ব তাই প্রমাণ করেছে। তাদের এই বন্ধুত্ব এলাকায় সারা ফেলেছে। বন্ধুত্ব যে কোনো বয়সেই হতে পারে। তাছাড়া তেরির ভিন্ন খাদ্যভাস হলেও বাংলাদেশি খাবারে কোনো সমস্যা হচ্ছে না। তেরি মুরগির মাংস পছন্দ করছেন। ভাত খেলেও পরিমানটা খুবই কম। বাংলাদেশের মানুষের স্বাভাবিক জীবন যাপন তেরিকে মুগ্ধ করেছে।

খুবজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন বলেন, আমেরিকার নাগরিক তেরি পারসনের সঙ্গে দেখা করে কথা বলেছেন তিনি। এলাকার মানুষ তেরি পারসনকে দেখতে আসার বিষয়টি খুব উপভোগ করছেন তেরি। শিশুদের সঙ্গে হৈহুল্লোর, ভিন্ন ভাষা ভাষি হলেও গুরুদাসপুরের গ্রামের দোকানে চা পান, বড়দের সঙ্গে গল্প আড্ডায় মেতে উঠছেন তেরি। তেরি পারসনের চরবিলশায় আসার খবর ছড়িয়ে পড়েছে পুরো গুরুদাসপুরে। দুরের মানুষও আসছেন দেখতে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল হোসেন বলেন, বন্ধুত্বের টানে আমেরিকার নাগরিকের গুরুদাসপুরে আসার খবর তিনি পেয়েছেন। নিরাপত্তার কথা বিবেচনায় এনে পুলিশও পাঠানো হয়েছে।

‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনী মাঠে এমন দৃঢ় প্রত্যয়ের কথা বলার কয়েক ঘণ্টা পরই চিরতরে নির্বাচনী মাঠ ছাড়লেন কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে দিনভর গণসংযোগ করার পর রাতেই না ফেরার দেশে চলে যান তিনি।

তিনি চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ছিলেন। গত কয়েক মাস ধরে শুহিলপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটার ও সমর্থকদের দ্বারে দ্বারে ঘুরছিলেন তিনি।

জানা যায়, এদিন নিজের ইউনিয়ন শুহিলপুরে চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন বিএনপির এ নেতা। চেয়ারম্যান প্রার্থী হওয়ার স্বপ্ন নিয়ে দিনভর নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নির্বাচনী শোডাউন করেছিলেন তিনি। সন্ধ্যায় পথসভায়ও দিয়েছিলেন জয়ের প্রত্যয়ী বক্তব্য।

দিনভর প্রচারণা শেষে গতকাল সন্ধ্যায় শালিখা বাজারে আয়োজিত পথসভায় নেতা-কর্মীদের উদ্দেশে আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য দেন খোকন।

পথসভায় বিএনপি নেতা বলেন, আপনারা কি চান, শাওন সাহেব (বর্তমান এমপি) আমাকে দলীয় প্রার্থী করুক? তাহলে নিশ্চিত থাকেন, শাওন সাহেব এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আমাকে প্রার্থী ঘোষণা করবেন।

তার বক্তব্যে ছিল নির্বাচনে জয়ের প্রত্যয়, ছিল ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনা। নেতা-কর্মীদের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানেই যেন বদলে গেল সবকিছু।

সারাদিনের নির্বাচনী কর্মসূচি শেষে রাতে বাড়ি ফিরে খাবার খান সাইফুল ইসলাম খোকন। এরপর ঘুমাতে যাওয়ার প্রস্তুতিকালে রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইলিয়টগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের একটি হাসপাতালে নেওয়া হয়। রাত আনুমানিক দেড়টার দিকে সেখানে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মেঝ ছেলে সাঈদ।

মাত্র কয়েক ঘণ্টা আগেও যে মানুষটি নেতা-কর্মীদের সামনে দাঁড়িয়ে নির্বাচনে নিজের প্রার্থিতার কথা বলছিলেন, রাত না পেরোতেই সেই মানুষটিই চলে গেলেন না ফেরার দেশে। থেমে গেল তার রাজনৈতিক পথচলা। থেমে গেল চেয়ারম্যান হওয়ার স্বপ্ন। নির্বাচনী মাঠ থেকে সরে গেলেন ঠিকই তবে কোনো প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়ে নয়, চিরদিনের জন্য।

সাইফুল ইসলাম খোকনের আকস্মিক মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ পুরো চান্দিনার রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন, রাজনৈতিক সহকর্মী, নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বিরাজ করছে গভীর শোক ও বেদনা।

জানা যায়, আজ সকাল ১১টায় ইলিয়টগঞ্জ রা.বি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজে শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে জানাজা নামাজের আগে কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিকুল আলম শাওন বলেন, সাইফুল ইসলাম খোকন আমার মরহুম পিতার সময়কাল থেকে বিএনপি’র রাজনীতি করেছেন। আমার কয়েকজন অভিভাবকদের মধ্যে তিনিও ছিলেন একজন। তার এই মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ উপজেলা বিএনপিতে শূন্যতা সৃষ্টি হবে।

‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’- সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের পর দেশজুড়ে পরিচিতি পাওয়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও রদবদল আনা হয়েছে।

গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা হয়েছে। ফলে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

উল্লেখ্য, বিআরটিএর সেবা ও অনিয়ম নিয়ে এক পরিদর্শনকালে কর্মকর্তা মাসুদ আলমকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’ তার সেই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মাসুদ আলমকে ঘিরে আলোচনা তৈরি হয়।

বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

মোঃ রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার:
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

সিরাজগঞ্জের বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামের উদ্যোগে ও ঢাকা ব্যাংক পি এল সি অর্থায়নে ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনা নদীর শাখায় তিন দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম। 

বাইচ কমিটির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার শাহানাজ প্রধান, সহকারী পুলিশ সুপার বেলকুচি সার্কেল শহিদুল ইসলাম, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, বেলকুচি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলসহ স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ। 

সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে পানসি ১৮ টা ও ১২ টা কোষা নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। আগামী ৬ সেপ্টেম্বর রবিবার বাইচ প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

'কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু 'ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ এখন বাংলাদেশ যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি জিতেছে: মন্ত্রী দুলু