সিরিয়ার বিভিন্ন শহরে বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ৩
সিরিয়ার বিভিন্ন শহরে রোববার (২৮ ডিসেম্বর) ব্যাপক বিক্ষোভ ও সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশটির উপকূলীয় অঞ্চল লাতাকিয়া ও তারতুসের পাশাপাশি হামা, হামসসহ একাধিক এলাকায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে নাগরিক অধিকার নিশ্চিতকরণ এবং বন্দিদের মুক্তির দাবিতে প্রতিবাদ জানান। স্থানীয় কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এসব বিক্ষোভে অন্তত তিনজন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন।
এই বিক্ষোভ শুরু হয় হোমস শহরের একটি আলাউইতি মসজিদে নামাজ চলাকালে সংঘটিত ভয়াবহ বোমা হামলার দুই দিন পর। ওই হামলায় আটজন নিহত এবং ১৮ জন আহত হন। হামলার ঘটনার পর আলাউইতি সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে, যার জেরে রোববার ব্যাপক প্রতিবাদের ডাক দেওয়া হয়।
রোববারের এই বিক্ষোভের আহ্বান জানান গাজল গাজল নামে সিরিয়ার বাইরে বসবাসকারী একজন আলাউইতি নেতা। তিনি সিরিয়া ও প্রবাসে সক্রিয় ‘সুপ্রিম আলাউইট ইসলামিক কাউন্সিল’ নামের একটি সংগঠনের প্রধান বলেও জানা গেছে।
লাতাকিয়ায় পরিস্থিতি সবচেয়ে উত্তপ্ত হয়ে ওঠে। অ্যাসোসিয়েটেড প্রেসের এক আলোকচিত্রীর প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে সরকারপন্থী বিক্ষোভকারীরা আলাউইতি বিক্ষোভকারীদের দিকে পাথর ছুড়ে মারেন। একই সময়ে, বিক্ষোভকারীদের একটি দল তাদের বিরোধিতায় নামা এক পাল্টা বিক্ষোভকারীকে মারধর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী উভয় পক্ষকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে এবং ফাঁকা গুলি ছোড়ে। এসব সংঘর্ষে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হলেও হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আল-জাজিরার খবরে জানানো হয়েছে, সিরিয়ার উপকূলীয় অঞ্চলের অন্তত এক ডজন স্থানে একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, যা দেশজুড়ে উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।
বিক্ষোভকারীদের বহন করা ব্যানার ও প্ল্যাকার্ডে প্রধানত রাজনৈতিক ফেডারেলিজম, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং বাশার আল আসাদের শাসনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেফতার হওয়া বন্দিদের মুক্তির দাবি তুলে ধরা হয়।
একজন আলাউইতি বিক্ষোভকারী বলেন, ‘আমরা আমাদের মর্যাদা ফিরে পাওয়ার জন্য রাস্তায় নেমেছি। আমরা আমেরিকা, জার্মানি ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর আদলে রাজনৈতিক ফেডারেলিজম চাই। আমাদের নিজ ভূমিতে হত্যার শিকার হওয়ার পর এখন আমরা কেবল বেঁচে থাকার অধিকার দাবি করছি।’
তথ্যসূত্র: আল-জাজিরা




আপনার মতামত লিখুন