বেলকুচিতে রাজস্ব তহবিল হতে প্রতিবন্ধী, নারী ও যুবদের মাঝে সহায়তা সামগ্রী ও সনদ বিতরণ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় রাজস্ব উন্নয়ন তহবিল ২০২৫-২৬ অর্থবছরের আওতায় প্রতিবন্ধী, নারী ও যুব সমাজের জীবনমান উন্নয়নে বিভিন্ন সহায়তা সামগ্রী ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে এক পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব আফরিন জাহান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম বলেন, “প্রতিবন্ধী ও কর্মক্ষম জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে গড়ে তুলতে সরকার পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে। রাজস্ব উন্নয়ন তহবিলের মাধ্যমে গৃহীত এসব উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে ২০ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ৫ জন কর্মক্ষম প্রতিবন্ধীর মাঝে মালামালসহ দোকান ঘর, ২৫ জন প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন, এবং যুব সমাজের ২০ জন সদস্যের মধ্যে কম্পিউটার ও ২০ জন সদস্যের মধ্যে ড্রাইভিং প্রশিক্ষণের সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব আফরিন জাহান বলেন, এ ধরনের সহায়তা কার্যক্রম প্রতিবন্ধী, নারী ও যুব সমাজের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) জনাব ইশরাত জাহান, উপজেলা কৃষি অফিসার সুকান্ত ধর, উপজেলা সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল প্রমুখ। এছাড়াও স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম প্রতিনিধি, উপকারভোগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি উপকারভোগীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।




আপনার মতামত লিখুন