দুমকিতে বারি মুগ-৬ প্রযুক্তি নিয়ে মাঠ দিবস ও কৃষক সমাবেশ
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই)-এর সরেজমিনে গবেষণা বিভাগ, পটুয়াখালীর আয়োজনে দুমকি উপজেলায় বারি মুগ-৬ জাতের উন্নত উৎপাদন প্রযুক্তি বিষয়ে মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় দুমকির লালখান ব্রিজ সংলগ্ন দক্ষিণ পাশের মাঠে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বিএআরআই, রহমতপুর, বরিশালের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সহিদুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পটুয়াখালীর উপপরিচালক ড. মোহাম্মদ আমানুল ইসলাম এবং দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) রওজাতুন জান্নাত।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. খায়রুল বাশার, সরেজমিনে গবেষণা বিভাগের ড. কাজী নজরুল ইসলাম এবং দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান হোসেন।
কৃষকদের পক্ষ থেকে বক্তব্য দেন আনোয়ার হোসেন ঘরামী। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত দুই শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
মাঠ দিবসে বারি মুগ-৬ জাতের উন্নত চাষাবাদ পদ্ধতি, ফলন বৃদ্ধি কৌশল এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকদের বিস্তারিত ধারণা প্রদান করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রম কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




আপনার মতামত লিখুন