আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
শেয়ারবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালনার দায়িত্ব আবারও ব্যাংকটির মূল উদ্যোক্তা ও মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতির পর আগের স্বতন্ত্র পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে নতুন ১৪ সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (১৫ জুলাই) ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা এবং ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে নতুন পরিচালনা পর্ষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। নবগঠিত পর্ষদে ১২ জন উদ্যোক্তা পরিচালক এবং দুইজন স্বতন্ত্র পরিচালক অন্তর্ভুক্ত হয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর পুনর্গঠিত ১৬টি ব্যাংকের মধ্যে অধিকাংশেরই মূল উদ্যোক্তাদের খুঁজে পাওয়া যায়নি। তবে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। ব্যাংকটির আর্থিক সূচকে দৃশ্যমান উন্নতি হওয়ায় পরিচালনার দায়িত্ব পুনরায় উদ্যোক্তাদের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন পরিচালনা পর্ষদে চট্টগ্রামভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান কেডিএস গ্রুপের উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব রয়েছে। পর্ষদে কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, কেডিএস গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিনিধি পরিচালক মাহবুব আহমেদ এবং কেডিএস টেক্সটাইলস মিলস লিমিটেডের প্রতিনিধি পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ স্থান পেয়েছেন।
এছাড়া পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন:
ব্যাংকটির সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, সেলিম রহমান, আলহাজ্ব আহামেদুল হক, মো. রফিকুল ইসলাম, মোহাম্মদ ইমাদুর রহমান, নাজমুল আহসান খালেদ, আনোয়ার হোসাইন, মোহাম্মদ আবদুস সালাম, লিয়াকত আলী চৌধুরী, মো. এনায়েত উল্লা এবং কে, ওয়াই স্টিল মিলস লিমিটেডের প্রতিনিধি পরিচালক মোহাম্মদ শরিফ উদ্দিন তসলিম।
এর আগে ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর আল-আরাফাহ ইসলামী ব্যাংকের তৎকালীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। সে সময় আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন বিতর্কিত এস আলম গ্রুপের প্রধানের ভাই আব্দুস সামাদ লাবু। পরবর্তীতে খাজা শাহরিয়ারকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের একটি স্বতন্ত্র পরিচালনা পর্ষদ গঠন করা হয়।
সেই স্বতন্ত্র পর্ষদে চেয়ারম্যান খাজা শাহরিয়ারের পাশাপাশি সদস্য ছিলেন মো. শাহীন উল ইসলাম, মো. আব্দুল ওয়াদুদ, এম আবু ইউসুফ এবং মোহাম্মদ আশরাফুল হাসান। দীর্ঘ সময় তাদের তত্ত্বাবধানে পরিচালিত হওয়ার পর ব্যাংকটির আর্থিক পরিস্থিতির উন্নতি বিবেচনায় নিয়ে এখন আবারও পরিচালনার দায়িত্ব মূল উদ্যোক্তাদের কাছে ফিরিয়ে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।




আপনার মতামত লিখুন