বেলকুচি মুকুন্দগাতীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ
সিরাজগঞ্জের সায়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের চালা পলাশ মার্কেট হতে কলেজ মোড় পর্যন্ত মুকুন্দগাতী ওয়াবদা বাঁধের উপরে ফুটপাত ও সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বেলকুচি পৌরসভার উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌর প্রশাসকের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ অভিযানটি মুকুন্দগাঁতী এলাকার পলাশ খালেক মার্কেট থেকে শুরু হয়। পরে বেলকুচি বাসস্ট্যান্ড, মুকুন্দগাঁতী বাজার, গার্লস স্কুল সংলগ্ন গলি ও আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানটি চন্দনগাঁতী অভিমুখে ঢাকা ব্যাংক পর্যন্ত গিয়ে পরে করিতলা মোড়ে শেষ হয়।
অভিযানের আগে বেলকুচি পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে সড়ক, ফুটপাত ও সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণকারী এবং ব্যবসায়ীদের নির্ধারিত সময়ের মধ্যে নিজ উদ্যোগে এসব স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করা হয়। পৌর কর্তৃপক্ষের এ প্রচারণার পর অনেক ব্যবসায়ী ও দখলদার স্বেচ্ছায় তাদের স্থাপনা সরিয়ে নেন।
তবে নির্ধারিত সময়ের মধ্যে যারা অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি, অভিযান পরিচালনা করে তাদের দখলে থাকা সরকারি জায়গা ও সড়কের ওপর নির্মিত বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে সড়ক ও ফুটপাতের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন স্থাপনাও অপসারণ করা হয়।
উচ্ছেদ অভিযান চলাকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) জহুরুল ইসলাম, পৌর প্রশাসনিক কর্মকর্তা আমিনুজ্জামান বুলবুল, মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়াসহ উপজেলা প্রশাসন, পৌরসভা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযানকে কেন্দ্র করে সড়ক ও ফুটপাতের অবৈধ দখলমুক্ত করার পাশাপাশি পথচারী ও যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে জনসাধারণকে সরকারি জায়গা, সড়ক ও ফুটপাত দখল করে কোনো ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ না করার আহ্বান জানানো হয়েছে। জনস্বার্থে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।




আপনার মতামত লিখুন