আসাদগেটে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, মুহূর্তেই ছত্রভঙ্গ
রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে বলে স্থানীয় সূত্র ও পুলিশের ভাষ্য থেকে জানা গেছে। রোববার (১৭ মে) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, আসাদগেট–মিরপুর সড়কের মোহাম্মদপুর অংশে হঠাৎ করেই একটি ব্যানার নিয়ে মিছিল শুরু হয়। মিছিলটি শুরু হয় আসাদগেটের আড়ংয়ের সামনে থেকে। এতে শুরুতে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন বলে স্থানীয়রা জানান। পরে আশপাশের বিভিন্ন স্থান থেকে আরও কয়েকজন যোগ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীরা ব্যানার হাতে নিয়ে আসাদগেট এলাকা থেকে মিরপুর রোড হয়ে কিছুটা সামনে অগ্রসর হয় এবং পরে আসাদগেটের কাছাকাছি এলাকায় এসে দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়। পুরো ঘটনাটি খুব অল্প সময়ের মধ্যেই ঘটে বলে তারা জানান।
মোহাম্মদপুর থানার ওসি মেসবাহউদ্দিন বলেন, হঠাৎ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিল শেষ হওয়ার পর তারা দ্রুত এলাকা ত্যাগ করে। ঘটনাস্থলে অভিযান চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, ঘটনার পর এলাকায় অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।
স্থানীয়ভাবে এ ধরনের আকস্মিক মিছিলকে কেন্দ্র করে আশপাশে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে বলে জানা গেছে।




আপনার মতামত লিখুন