খুঁজুন

ম্যার্ৎসের সঙ্গে ট্রাম্পের বিবাদ: জার্মানি থেকে ৫০০০ সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ণ
ম্যার্ৎসের সঙ্গে ট্রাম্পের বিবাদ: জার্মানি থেকে ৫০০০ সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যার্ৎসের মধ্যে চলমান বিবাদের মধ্যে জার্মানি থেকে ৫,০০০ সেনা প্রত্যাহারের পরিকল্পনা করছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর।

বিবিসি লিখেছে, ইরানি আলোচনাকারীদের কাছে যুক্তরাষ্ট্র ‘লজ্জিত’ হয়েছে বলে জার্মান নেতা ইঙ্গিত দেওয়ায় তার সমালোচনা করেছিলেন ট্রাম্প। এর পরদিনই সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত এল।

গত বৃহস্পতিবার সোশাল মিডিয়া পোস্টে ট্রাম্প বলেন, ম্যার্ৎস ‘খুবই বাজে কাজ করছেন’ এবং অভিবাসন, জ্বালানিসহ তার ‘সব ধরনের সমস্যা’ রয়েছে। ইতালি ও স্পেন থেকেও সেনা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

জার্মানিতে যুক্তরাষ্ট্রের একটি বিপুল সামরিক উপস্থিতি রয়েছে, গত ডিসেম্বর পর্যন্ত দেশটিজুড়ে বিভিন্ন ঘাঁটিতে ৩৬ হাজারের বেশি সক্রিয় সেনা মোতায়েন ছিল।

পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে জানিয়েছেন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছ থেকে এই নির্দেশ এসেছে।

তিনি বলেন, “ইউরোপে বাহিনীর অবস্থান নিয়ে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পর এবং যুদ্ধক্ষেত্রের প্রয়োজনীয়তা ও পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আশা করছি, আগামী ছয় থেকে বারো মাসের মধ্যে এ সেনা প্রত্যাহার সম্পন্ন হবে।”

নেটো জোটের দীর্ঘদিনের সমালোচক ট্রাম্প হরমুজ প্রণালি ফের চালু করার অভিযানে অংশ নিতে অস্বীকৃতি জানানোয় মিত্রদের ওপর ক্ষোভ ঝাড়ছেন।

ইতালি ও স্পেন থেকেও সেনা প্রত্যাহারের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি সম্ভবত তা করব—দেখুন, কেন করব না?

ইরান যুদ্ধ নিয়ে ইতালির প্রতিক্রিয়ার সমালোচনা করে তিনি বলেন, “ইতালি আমাদের কোনো সাহায্য করেনি এবং স্পেন ছিল ভয়াবহ।”

ট্রাম্প বলেন, “সব ক্ষেত্রেই তারা বলেছে, ‘আমি এর মধ্যে জড়াতে চাই না’।”

ম্যার্ৎস এই সপ্তাহের শুরুতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বলেছিলেন, “আমেরিকানদের স্পষ্টত কোনো কৌশল নেই”। যুদ্ধ থেকে বেরিয়ে আসার ‘কৌশল’ তিনি দেখতে পাচ্ছেন না।

তিনি বলেন, “ইরানিরা স্পষ্টতই আলোচনায় অত্যন্ত দক্ষ, অথবা বলা যায় আলোচনা না করতে অত্যন্ত দক্ষ; তারা আমেরিকানদের ইসলামাবাদ পর্যন্ত সফর করিয়ে কোনো ফল ছাড়াই ফেরত পাঠিয়ে দিচ্ছে।”

ম্যার্ৎস এও বলেন, ‘পুরো জাতি’ ইরানি নেতৃত্বের মাধ্যমে ‘লজ্জিত’ হচ্ছে।

এর প্রতিক্রিয়ায় ট্রাম্প তার প্লাটফর্ম ট্রুথ সোশালে বলেন, ম্যার্ৎস মনে করেন- ‘ইরানের পারমাণবিক অস্ত্র থাকা ঠিক আছে’ এবং তিনি ‘কী বলছেন তা নিজেই জানেন না’।

পোস্টে লেখা ছিল, “এ কারণেই জার্মানি অর্থনৈতিকভাবে এবং অন্যান্য দিক থেকে এত খারাপ করছে!”

এ বিষয়ে মন্তব্যের জন্য ওয়াশিংটনে জার্মান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি।

ইউরোপের মধ্যে জার্মানিতে সবচেয়ে বেশি মার্কিন সেনা রয়েছে; এর পরে ইতালিতে রয়েছে ১২ হাজার এবং যুক্তরাজ্যে ১০ হাজার সেনা।

তাদের অনেকেই দক্ষিণ-পশ্চিম জার্মানির কাইজারস্লটার্ন শহরের বাইরে রামস্টেইন বিমান ঘাঁটিতে অবস্থান করছেন। ট্রাম্প এর আগেও জার্মানিতে সেনা কমানোর প্রস্তাব দিয়েছিলেন, তবে সেগুলো কার্যকর হয়নি। একমাত্র জাপানে এর চেয়ে বেশি মার্কিন সেনা উপস্থিতি রয়েছে।

২০২০ সালে জার্মানি থেকে ১২ হাজার সেনা সরিয়ে ইউরোপে অন্য কোনো নেটো দেশে বা যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়ার একটি প্রস্তাব কংগ্রেস আটকে দিয়েছিল; পরে প্রেসিডেন্ট জো বাইডেন তা বাতিল করেন।

সেই সময় ট্রাম্প জার্মানিকে ‘খেলাপি’ বলে বর্ণনা করেছিলেন। কারণ দেশটির সামরিক ব্যয় নেটোর নির্ধারিত লক্ষ্যমাত্রা জিডিপির ২ শতাংশের অনেক নিচে ছিল।

তবে ম্যার্ৎস সরকারের আমলে সেই চিত্র নাটকীয়ভাবে পরিবর্তন হয়েছে। ২০২৭ সালে জার্মানি ১০৫ দশমিক ৮ বিলিয়ন ইউরো ব্যয় করবে বলে ধারণা করা হচ্ছে—আগামী বছর তাদের মোট প্রতিরক্ষা ব্যয় জিডিপির ৩ দশমিক ১ শতাংশে পৌঁছানোর কথা রয়েছে।

যুক্তরাষ্ট্র গত বছর রোমানিয়া থেকেও সেনা কমানোর সিদ্ধান্ত নিয়েছিল, যা ছিল ইউরোপ থেকে মার্কিন সামরিক মনোযোগ সরিয়ে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নেওয়ার ট্রাম্পের পরিকল্পনার অংশ।

রোমানিয়ার প্রতিরক্ষামন্ত্রী রাদু-দিনেল মিরুজ্জা বলেন, হেগসেথ রোমানীয়দের নিজেদের প্রতিরক্ষায় আরও মনোযোগ দেওয়ার কথা জানানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তটি ট্রাম্পের সহকর্মী কিছু রিপাবলিকান এবং রাশিয়া প্রশ্নে সতর্ক থাকা পূর্ব ইউরোপীয় দেশগুলোর মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছ।

‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনী মাঠে এমন দৃঢ় প্রত্যয়ের কথা বলার কয়েক ঘণ্টা পরই চিরতরে নির্বাচনী মাঠ ছাড়লেন কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে দিনভর গণসংযোগ করার পর রাতেই না ফেরার দেশে চলে যান তিনি।

তিনি চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ছিলেন। গত কয়েক মাস ধরে শুহিলপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটার ও সমর্থকদের দ্বারে দ্বারে ঘুরছিলেন তিনি।

জানা যায়, এদিন নিজের ইউনিয়ন শুহিলপুরে চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন বিএনপির এ নেতা। চেয়ারম্যান প্রার্থী হওয়ার স্বপ্ন নিয়ে দিনভর নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নির্বাচনী শোডাউন করেছিলেন তিনি। সন্ধ্যায় পথসভায়ও দিয়েছিলেন জয়ের প্রত্যয়ী বক্তব্য।

দিনভর প্রচারণা শেষে গতকাল সন্ধ্যায় শালিখা বাজারে আয়োজিত পথসভায় নেতা-কর্মীদের উদ্দেশে আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য দেন খোকন।

পথসভায় বিএনপি নেতা বলেন, আপনারা কি চান, শাওন সাহেব (বর্তমান এমপি) আমাকে দলীয় প্রার্থী করুক? তাহলে নিশ্চিত থাকেন, শাওন সাহেব এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আমাকে প্রার্থী ঘোষণা করবেন।

তার বক্তব্যে ছিল নির্বাচনে জয়ের প্রত্যয়, ছিল ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনা। নেতা-কর্মীদের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানেই যেন বদলে গেল সবকিছু।

সারাদিনের নির্বাচনী কর্মসূচি শেষে রাতে বাড়ি ফিরে খাবার খান সাইফুল ইসলাম খোকন। এরপর ঘুমাতে যাওয়ার প্রস্তুতিকালে রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইলিয়টগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের একটি হাসপাতালে নেওয়া হয়। রাত আনুমানিক দেড়টার দিকে সেখানে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মেঝ ছেলে সাঈদ।

মাত্র কয়েক ঘণ্টা আগেও যে মানুষটি নেতা-কর্মীদের সামনে দাঁড়িয়ে নির্বাচনে নিজের প্রার্থিতার কথা বলছিলেন, রাত না পেরোতেই সেই মানুষটিই চলে গেলেন না ফেরার দেশে। থেমে গেল তার রাজনৈতিক পথচলা। থেমে গেল চেয়ারম্যান হওয়ার স্বপ্ন। নির্বাচনী মাঠ থেকে সরে গেলেন ঠিকই তবে কোনো প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়ে নয়, চিরদিনের জন্য।

সাইফুল ইসলাম খোকনের আকস্মিক মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ পুরো চান্দিনার রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন, রাজনৈতিক সহকর্মী, নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বিরাজ করছে গভীর শোক ও বেদনা।

জানা যায়, আজ সকাল ১১টায় ইলিয়টগঞ্জ রা.বি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজে শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে জানাজা নামাজের আগে কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিকুল আলম শাওন বলেন, সাইফুল ইসলাম খোকন আমার মরহুম পিতার সময়কাল থেকে বিএনপি’র রাজনীতি করেছেন। আমার কয়েকজন অভিভাবকদের মধ্যে তিনিও ছিলেন একজন। তার এই মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ উপজেলা বিএনপিতে শূন্যতা সৃষ্টি হবে।

‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’- সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের পর দেশজুড়ে পরিচিতি পাওয়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও রদবদল আনা হয়েছে।

গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা হয়েছে। ফলে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

উল্লেখ্য, বিআরটিএর সেবা ও অনিয়ম নিয়ে এক পরিদর্শনকালে কর্মকর্তা মাসুদ আলমকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’ তার সেই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মাসুদ আলমকে ঘিরে আলোচনা তৈরি হয়।

বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

মোঃ রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার:
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

সিরাজগঞ্জের বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামের উদ্যোগে ও ঢাকা ব্যাংক পি এল সি অর্থায়নে ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনা নদীর শাখায় তিন দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম। 

বাইচ কমিটির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার শাহানাজ প্রধান, সহকারী পুলিশ সুপার বেলকুচি সার্কেল শহিদুল ইসলাম, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, বেলকুচি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলসহ স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ। 

সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে পানসি ১৮ টা ও ১২ টা কোষা নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। আগামী ৬ সেপ্টেম্বর রবিবার বাইচ প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

'কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু 'ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ এখন বাংলাদেশ যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি জিতেছে: মন্ত্রী দুলু