চাকরির প্রলোভনে টাকা আত্মসাৎ: ৬ জনের কারাদণ্ড, প্রতিষ্ঠান সিলগালা
চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ এদেশে নতুন কিছু নয়। এবার রাজধানীর ভাটারায় বেকার যুবক ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ‘ড্রাগন শিল্ড সিকিউরিটি সলিউশন লিমিটেড’ এর ৬ অভিযুক্তকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করে সিলগালা করা হয়েছে।
র্যাব-১ জানায়, কুড়িল এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বেকার যুবক-যুবতীদের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে নগদ অর্থ হাতিয়ে নিচ্ছিল। চাকরির আশায় প্রতারিত হয়ে প্রতিষ্ঠানটিতে ৪৫ থেকে ৫০ জন ভুক্তভোগী উপস্থিত ছিলেন।
র্যাব-১ এর বিশেষ অভিযানের অংশ হিসেবে রোববার (২৩ আগস্ট) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভাটারা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় র্যাবের অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

র্যাব জানায়, অভিযানে প্রতিষ্ঠানের অনিয়ম ও প্রতারণার সঙ্গে জড়িত ৬ জনকে আটক করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ধারায় তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন:
আবুল কালাম আজাদ (২৩), ইকবাল হোসেন (২৭), মাসুদ রানা (৪৫), মো. হাসান (৩০), আফসান আহমেদ স্বপন (২৩) ও কবির হোসেন (৩১)।
এর মধ্যে আবুল কালাম আজাদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, ইকবাল হোসেনকে দুই মাস, মাসুদ রানা ও মো. হাসানকে ১৫ দিন এবং আফসান আহমেদ স্বপন ও কবির হোসেনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করে সিলগালা করা হয়। পরে দণ্ডপ্রাপ্তদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে র্যাব।




আপনার মতামত লিখুন