খুঁজুন

আর্থিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসন চায় পিএসসি, সিদ্ধান্ত জানায়নি সরকার

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১২ অপরাহ্ণ
আর্থিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসন চায় পিএসসি, সিদ্ধান্ত জানায়নি সরকার

সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে সরকারি কর্ম কমিশন (পিএসসি) আর্থিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসন চেয়েছে। সংস্থাটি এ-সংক্রান্ত একটি অধ্যাদেশের খসড়া প্রস্তুত করে পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। একইসঙ্গে খসড়াটি উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে আধা সরকারি পত্র (ডিও লেটার) দিয়েছেন পিএসসির চেয়ারম্যান।

তবে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি এ বিষয়ে। এমনকি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকেও স্পষ্ট করে কিছু বলা হচ্ছে না।

এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আসছে ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। এরপর গঠিত হবে নতুন সরকার। অন্তর্বর্তী সরকারের মেয়াদ একেবারেই শেষ পর্যায়ে। এ পরিস্থিতিতে পিএসসির বিষয়ে এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে কি না, সেটি একটি বড় প্রশ্ন। আবার পিএসসির আর্থিক স্বায়ত্তশাসনের বিষয়ে সরকারের, বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের নীতিনির্ধারকদের কারও কারও আপত্তি আছে। তবে তারা পিএসসির পরিচালনার (প্রশাসনিক) ক্ষেত্রে স্বায়ত্তশাসনের পক্ষে।

গত জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে পিএসসি খসড়াটি পাঠিয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হকের বক্তব্যের জন্য চেষ্টা করেও পাওয়া যায়নি।

পরে গত রোববার (১ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ে গেলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার মাধ্যমে তিনি জানান, এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না।

নিয়োগপ্রক্রিয়াসহ প্রতিষ্ঠানের কাজের গতি বাড়াতে পিএসসির আর্থিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসন প্রয়োজন বলে মনে করেন সংস্থাটির নীতিনির্ধারকেরা।

তারা জানান, বর্তমানে আর্থিক বিষয়ে অর্থ মন্ত্রণালয়সহ একাধিক স্তরের অনুমতির ওপর নির্ভর করতে হয়। এতে সময় লাগে এবং কাজের ধারাবাহিকতাও ব্যাহত হয়।

এ বিষয়ে পিএসসি জানিয়েছে, প্রতিষ্ঠার ৫৩ বছর পেরিয়ে গেলেও আর্থিক ও প্রশাসনিক ক্ষেত্রে সংবিধানে যে স্বাধীনতার কথা বলা হয়েছে, বাস্তবে তা কার্যকর হয়নি। কমিশন এখনো অনেক ক্ষেত্রে সরকারের অন্যান্য অধিদপ্তরের মতোই বিবেচিত হচ্ছে। সংবিধান অনুযায়ী বাজেট বরাদ্দের যে বিধান রয়েছে, পিএসসির ক্ষেত্রে তা অনুসরণ করা হয় না। ফলে কমিশনকে অর্থ মন্ত্রণালয়ের ওপর নির্ভরশীল থাকতে হয়। এতে কমিশনের কার্যক্রমে প্রভাব পড়ছে, এমনটাই পিএসসির দাবি।

প্রশাসনিক ক্ষেত্রেও একই ধরনের সীমাবদ্ধতার কথা বলছে কমিশন। বিধি প্রণয়ন বা সংশোধন, প্রার্থী বাছাই কিংবা পরামর্শ দেওয়ার মতো কাজে সরকারের ওপর নির্ভরতার কারণে দীর্ঘসূত্রতা তৈরি হয়।

চলতি অর্থবছরের জুলাই মাসে কমিশনের সদস্যদের বেতন-ভাতা উত্তোলন নিয়েও সাময়িক জটিলতা দেখা দিয়েছিল। সে সময় পিএসসি সদস্যদের প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বিবেচনা করা হয়েছিল। কমিশনের মতে, এ ধরনের পরিস্থিতি এড়াতেও স্বায়ত্তশাসনের বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন।

কী আছে খসড়ায়:

পিএসসির তৈরি করে দেওয়া ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ খসড়ায় বলা হয়েছে, কমিশনের চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিদের এবং সদস্যরা হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সমপর্যায়ের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পাওয়ার অধিকারী হবেন।

প্রতি অর্থবছরে কমিশন থেকে পাওয়া প্রস্তাব বিবেচনা করে সরকার নির্দিষ্ট করা অর্থ বরাদ্দ দেবে। অনুমোদিত খাতে সেই অর্থ ব্যয়ের জন্য সরকারের পূর্বানুমোদন নিতে হবে না। তবে সরকারের জারি করা ব্যয় বন্ধ সম্পর্কিত বিধিবিধান এই ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে উল্লেখ আছে খসড়ায়।

কমিশনের বাজেট থেকে ব্যয় অনুমোদনের ক্ষেত্রে কমিশনের সভাপতি চূড়ান্ত কর্তৃপক্ষ হবেন। তবে মহাহিসাব নিরীক্ষকের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না।

স্বায়ত্তশাসন হলে নিয়োগ কম সময়ে হবে:

পিএসসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, যা বিসিএসসহ প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষার মাধ্যমে প্রজাতন্ত্রের কর্মে যোগ্য ও মেধাভিত্তিক জনবল নিয়োগ নিশ্চিত করে। পাশাপাশি নিয়োগ, পদোন্নতি, শৃঙ্খলাসহ আনুষঙ্গিক বিষয়ে মতামত দেয়।

জনপ্রশাসনসচিবকে দেওয়া পিএসসি চেয়ারম্যানের চিঠি এবং পিএসসির নীতিনির্ধারকদের সঙ্গে কথা বলে জানা যায়, কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের অপসারণের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারকদের মতো পদ্ধতি অনুসরণ করা হয়। সে কারণে বেতন-ভাতার ক্ষেত্রেও তাদের মর্যাদা বিচারকদের সমপর্যায়ের হওয়া উচিত। সংবিধানে পিএসসি সদস্যদের বেতন-ভাতা অন্যান্য সাংবিধানিক পদধারীদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার কথা বলা হলেও বাস্তবে তা প্রজাতন্ত্রের কর্মচারীদের মতো নির্ধারণ করা হয়েছে বলে কমিশনের দাবি।

এই প্রেক্ষাপটে পিএসসি মনে করছে, কমিশনের সাংবিধানিক মর্যাদা সুস্পষ্ট করতে এবং আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাধীনভাবে পরিচালনার জন্য বাংলাদেশ কর্ম কমিশন আইন, ২০২৩ সংশোধন প্রয়োজন।

পিএসসি মনে করে, আর্থিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসন হলে নিয়োগ কার্যক্রম কম সময়ে করার পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে, যেটা চাকরিপ্রার্থীদের উপকার হবে।

এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম জানান, আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতা না থাকায় তারা অনেক সময় নিজেদের অসহায় মনে করেন। পিএসসি সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও বাস্তবে নানা প্রশাসনিক জটিলতায় পড়তে হয়। এখন কাজের পরিধি বেড়েছে এবং এক বছরের মধ্যে একটি বিসিএস শেষ করার লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে। আর্থিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসন পেলে কমিশনের কাজের গতি ও দক্ষতা অনেক বাড়বে।

তিনি বলেন, সরকার সংবিধান মোতাবেক বাজেট দেবে, সেটি ব্যয়ে সরকারি বিধিবিধান অনুযায়ী জবাবদিহি নিশ্চিত করা হবে। পিএসসিকে আর্থিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসন দিলে দেশেরই মঙ্গল হবে।

‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনী মাঠে এমন দৃঢ় প্রত্যয়ের কথা বলার কয়েক ঘণ্টা পরই চিরতরে নির্বাচনী মাঠ ছাড়লেন কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে দিনভর গণসংযোগ করার পর রাতেই না ফেরার দেশে চলে যান তিনি।

তিনি চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ছিলেন। গত কয়েক মাস ধরে শুহিলপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটার ও সমর্থকদের দ্বারে দ্বারে ঘুরছিলেন তিনি।

জানা যায়, এদিন নিজের ইউনিয়ন শুহিলপুরে চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন বিএনপির এ নেতা। চেয়ারম্যান প্রার্থী হওয়ার স্বপ্ন নিয়ে দিনভর নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নির্বাচনী শোডাউন করেছিলেন তিনি। সন্ধ্যায় পথসভায়ও দিয়েছিলেন জয়ের প্রত্যয়ী বক্তব্য।

দিনভর প্রচারণা শেষে গতকাল সন্ধ্যায় শালিখা বাজারে আয়োজিত পথসভায় নেতা-কর্মীদের উদ্দেশে আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য দেন খোকন।

পথসভায় বিএনপি নেতা বলেন, আপনারা কি চান, শাওন সাহেব (বর্তমান এমপি) আমাকে দলীয় প্রার্থী করুক? তাহলে নিশ্চিত থাকেন, শাওন সাহেব এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আমাকে প্রার্থী ঘোষণা করবেন।

তার বক্তব্যে ছিল নির্বাচনে জয়ের প্রত্যয়, ছিল ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনা। নেতা-কর্মীদের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানেই যেন বদলে গেল সবকিছু।

সারাদিনের নির্বাচনী কর্মসূচি শেষে রাতে বাড়ি ফিরে খাবার খান সাইফুল ইসলাম খোকন। এরপর ঘুমাতে যাওয়ার প্রস্তুতিকালে রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইলিয়টগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের একটি হাসপাতালে নেওয়া হয়। রাত আনুমানিক দেড়টার দিকে সেখানে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মেঝ ছেলে সাঈদ।

মাত্র কয়েক ঘণ্টা আগেও যে মানুষটি নেতা-কর্মীদের সামনে দাঁড়িয়ে নির্বাচনে নিজের প্রার্থিতার কথা বলছিলেন, রাত না পেরোতেই সেই মানুষটিই চলে গেলেন না ফেরার দেশে। থেমে গেল তার রাজনৈতিক পথচলা। থেমে গেল চেয়ারম্যান হওয়ার স্বপ্ন। নির্বাচনী মাঠ থেকে সরে গেলেন ঠিকই তবে কোনো প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়ে নয়, চিরদিনের জন্য।

সাইফুল ইসলাম খোকনের আকস্মিক মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ পুরো চান্দিনার রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন, রাজনৈতিক সহকর্মী, নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বিরাজ করছে গভীর শোক ও বেদনা।

জানা যায়, আজ সকাল ১১টায় ইলিয়টগঞ্জ রা.বি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজে শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে জানাজা নামাজের আগে কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিকুল আলম শাওন বলেন, সাইফুল ইসলাম খোকন আমার মরহুম পিতার সময়কাল থেকে বিএনপি’র রাজনীতি করেছেন। আমার কয়েকজন অভিভাবকদের মধ্যে তিনিও ছিলেন একজন। তার এই মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ উপজেলা বিএনপিতে শূন্যতা সৃষ্টি হবে।

‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’- সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের পর দেশজুড়ে পরিচিতি পাওয়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও রদবদল আনা হয়েছে।

গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা হয়েছে। ফলে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

উল্লেখ্য, বিআরটিএর সেবা ও অনিয়ম নিয়ে এক পরিদর্শনকালে কর্মকর্তা মাসুদ আলমকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’ তার সেই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মাসুদ আলমকে ঘিরে আলোচনা তৈরি হয়।

বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

মোঃ রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার:
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

সিরাজগঞ্জের বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামের উদ্যোগে ও ঢাকা ব্যাংক পি এল সি অর্থায়নে ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনা নদীর শাখায় তিন দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম। 

বাইচ কমিটির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার শাহানাজ প্রধান, সহকারী পুলিশ সুপার বেলকুচি সার্কেল শহিদুল ইসলাম, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, বেলকুচি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলসহ স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ। 

সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে পানসি ১৮ টা ও ১২ টা কোষা নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। আগামী ৬ সেপ্টেম্বর রবিবার বাইচ প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

'কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু 'ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ এখন বাংলাদেশ যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি জিতেছে: মন্ত্রী দুলু